ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রেঞ্চ ওপেনের ক্লে-কোর্ট তারকা খেলোয়াড়দের জন্য যেন দিনে দিনে দুর্বোধ্য হয়ে উঠছে। কোয়ার্টার ফাইনালের আগেই ঝরে পড়েছেন অনেক টেনিস তারকা। মঙ্গলবারও অল্পের জন্য অঘটনের শিকার হওয়ার হাত থেকে বেঁচে গেছেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক রজার ফেদেরার।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তোর কাছে প্রথম দুইটি সেট (৬-৩,৭-৬) হেরে গিয়েছিলেন ফেদেরার। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ান লড়াকু এই খেলোয়াড়। পরের তিন সেটে দেল পোর্তোকে দাঁড়াতেই দেননি তিনি। শেষ পর্যন্ত ৩-৬,৬-৭, ৬-২, ৬-০, ৬-৩ গেমে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে গেছেন র্যাংকিংয়ের তিন নম্বর খেলোয়াড় ফেদেরার।
এদিকে মেয়েদের এককের সেমিফাইনালে উঠে গেছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসার ও সারা ইরানী।
অস্ট্রেলিয়ার স্টোসার সহজেই ৬-৪, ৬-১ গেমে স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভাকে এবং ইতালির ইরানী ৬-৩,৭-৬ গেমে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবেরকে হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১১৩ ঘ.
bdnews24