ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিরোপা ধরে রাখার পথে নাদাল ঠিকঠাক মতো এগিয়ে চললেও মাঝ পথেই থেমে গেছেন লি না। সোমবার র্যাংকিংয়ের ১৪২তম খেলোয়াড় কাজাখস্তানের ইয়ারোসলাভা শভেদোভার কাছে ৩-৬, ৬-২, ৬-০ গেমে হেরে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন চীনের এই টেনিস তারকা।
এশিয়ার একমাত্র খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম এককের শিরোপা জিতে গত বছর হইচই ফেলা দেয়া লি নাকে এবার প্রতিপক্ষের পাশাপাশি ঠান্ডা ও ঝড়ো বাতাসের সঙ্গেও লড়াই করতে হয়েছে।
তবে লি না হেরে গেলেও মারিয়া শারাপোভার জয়রথ চলছেই। চেক প্রজাতন্ত্রের লারা জাকোপালোভাকে ৬-৪, ৬-৭, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন তিনি।
পুরুষ এককে ৪ ঘন্টা ৬ মিনিটের দীর্ঘ লড়াইয়ে জিতেছেন ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গা। অষ্টাদশ বাছাই স্ট্যানিসলাস ওয়াউইরিঙ্কাকে ৬-৪, ৭-৬, ৩-৬, ৩-৬,৬-৪ গেমে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন সোঙ্গা। যদিও চতুর্থ রাউন্ডের এই ম্যাচটি শুরু হয়েছিলো গতকাল রাতে। কিন্তু অতিরিক্ত অন্ধকারের কারণে খেলা স্থগিত হয়ে যায়।
সোঙ্গা কষ্ট করে জিতলেও সহজ জয় পেয়েছেন নাদাল। চতুর্থ রাউন্ডে ত্রয়োদশ বাছাই হুয়ান মোনাকোকে দাঁড়াতেই দেননি ক্লে কোর্টের রাজা নাদাল। ৬-২, ৬-০, ৬-০ গেমে ম্যাচ জিতে নেন তিনি।
কোয়ার্টার ফাইনালে নাদালের সঙ্গী ডেভিড ফেরার , হুয়ান মার্টিন দেল পোর্তো ও নিকলাস আলমাগ্রো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১১৩ ঘ.
bdnews24