ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার দিনের ব্যবধানে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে উড়তে থাকা ব্রাজিলকে মাটিতে নামিয়ে এনেছে মেক্সিকো। রোববার এক প্রীতি ম্যাচে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। অবশ্য লন্ডন অলিম্পিকের প্রস্তুতির অংশ হিসেবে মূলত তরুণদের নিয়ে দল গড়েছেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস। তবে শুরু থেকেই খেলেছেন ব্রাজিলের প্রতিভাবান ফরোয়ার্ড নেইমার।
টেক্সাসের আরলিংটনের কাউবয়েজ স্টেডিয়ামে ২২ মিনিটের সময় মেক্সিকোকে এগিয়ে দেন জিওভান্নি দস সান্তোস। বাঁ দিকের সাইড লাইন বরাবর দুরূহ কোণ থেকে নেয়া টটেনহাম হটস্পার ফরোয়ার্ডের চিপ বুঝতেই পারেননি ব্রাজিলের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা গোলরক্ষক রাফায়েল কাব্রাল।
১০ মিনিট পর দস সান্তোসের সৌজন্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় মেক্সিকানরা। ব্রাজিলের ডিফেন্ডার হুয়ান জেসাস তাকে বক্সের মধ্যে ফেলে দিলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। সুযোগটা কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ।
আগামী ৯ জুন অলিম্পিকের প্রস্তুতি হিসেবে আরেকটি প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থ হলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জয়যাত্রায় ছেদ পড়েনি। ইউরো-২০১২’র শেষ প্রস্তুতি ম্যাচে চীনকে ১-০ গোলে হারিয়েছে স্পেন।
ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য সবচেয়ে বড় সুখবর, চোট কাটিয়ে আন্দ্রেস ইনিয়েস্তার প্রত্যাবর্তন। সেভিয়ার ফেস্টিভ কারতুজা স্টেডিয়ামে ৮৪ মিনিটে বার্সেলোনার তারকা মিডফিল্ডারের পাস থেকেই একমাত্র গোলটি করেন ডেভিড সিলভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯০৮ঘ.
bdnews24