মাহমুদুল হাসান
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখেন প্রত্যেক ক্রীড়াবিদই। অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয় না। তাদের জন্য সুখবর, জাতীয় ক্রীড়া পুরস্কারের সঙ্গে আগামীতে যোগ হতে যাচ্ছে আরেকটি জাতীয় পর্যায়ের পুরস্কার। যার নাম হবে ক্রীড়া পরিষদ পুরস্কার।
এ বছরই এই পুরস্কারের প্রবর্তন হতে যাচ্ছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন, “এ ব্যাপারে প্রাথমিক ভাবে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হবে।”
“এই পুরস্কার প্রবর্তনের মূল উদ্দেশ্য অবেহেলিত ক্রীড়াবিদদের সম্মান জানানো। বিভিন্ন কারণে যারা জাতীয় ক্রীড়া পুরস্কার পাননি তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে,” যোগ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
জাতীয় ক্রীড়া পুরস্কারের চেয়ে ক্রীড়া পরিষদ পুরস্কারের সংখ্যাও বেশি থাকবে। এ প্রসঙ্গে আহাদ আলী সরকার বলেন, “২০ েেক ২৫ জন ক্রীড়াবিদকে এই পুরস্কার দেয়া হবে। পদক ছাড়াও র্অ পুরস্কার হিসেবে দেয়া হবে ২৫ থেকে ৩০ হাজার টাকা।”
ক্রীড়া প্রতিমন্ত্রীর পরিকল্পনা জুনের পরেই এই পুরস্কার দেয়ার। এ নিয়ে কাজও চলছে। সব কিছু চূড়ান্ত হতে আরো কিছুদিন সময় লাগবে। কিন্তু একটা রূপরেখা ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে।
১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রবর্তন হয়। প্রতি বছর মাত্র দশজন এই পুরস্কার পেয়ে থাকেন। তাই অনেক ক্রীড়াবিদই জীবদ্দশায় এই পুরস্কার পান না। ক্রীড়া পরিষদ পুরস্কার পেলে তারা নিজেদের অর্জনগুলোর একটা স্বীকৃতি অন্তত পাবেন বলে মনে করেন আহাদ আলী সরকার।
ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশ্বাস, এই পুরস্কার অবহেলিত ক্রীড়াবিদদের কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারবে। তিনি বলেন, “যারা দেশের জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দেয়া উচিত। আমরা তাদের মূল্যায়ন করতে চাচ্ছি।”
সব খেলার ক্রীড়াবিদদের জন্যই এই পুরস্কার থাকবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, “শুধু তারকারাই পুরস্কার পাবেন না। অনেক ক্রীড়াবিদ নিভৃতে অবদান রেখে যাচ্ছেন। তারাও এই পুরস্কার পাবেন।”
“ক্রীড়াঙ্গনের মানুষদের আমি মূল্যায়ন করতে চাই। তারা যেন ন্যূনতম স্বীকৃতি পান সেই ব্যবস্থা আমি করতে চাই,” যোগ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৮ঘ.
bdnews24