ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো-২০১২ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। অথচ এই সময়ের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের দুরবস্থা চলছেই। এক প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে তুরস্কের কাছে ১-৩ গোলে হেরে গেছে পর্তুগাল।
তবে জিতেছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। নতুন কোচ রয় হজসনের অধীনে টানা দ্বিতীয় জয়ের পথে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আর নেদারল্যান্ডস ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে।
ইউরোর বাছাই পর্ব পেরোতে ব্যর্থ তুরস্কের বিপক্ষে লিসবনে আক্রমণাত্মক খেলে, অনেক সুযোগ তৈরি করলেও একটির বেশি গোলের দেখা পায়নি পর্তুগাল। এমনকি পেনাল্টি থেকেও গোল করতে পারেননি রোনালদো। ঘরের মাঠে এটি পর্তুগালের টানা দ্বিতীয় হার।
ওয়েম্বলিতে ইংল্যান্ডের একমাত্র গোলদাতা ড্যানি ওয়েলবেক। তবে ইউরোর আগে শেষ প্রস্তুতি ম্যাচে জিতলেও গ্যারি কাহিল ও জন টেরির চোট দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ইংল্যান্ডকে। দুজনেরই ইউরোতে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। চোটের কারণে গ্যারেথ ব্যারি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে আগেই হারিয়েছে ইংল্যান্ড।
আমস্টারডামে বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডসের সহজ জয়ে বড় অবদান রবিন ফন পার্সি ও ইব্রাহিম অ্যাফেল্যাইয়ের। দুজনেই দুটি করে গোল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯০১ঘ.
bdnews24