ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানো নিয়ে ঝড় উঠেছে ইতালির ঘরোয়া ফুটবলে। এর কালো ছায়া ইতালির আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। আসন্ন ইউরো ২০১২ থেকে নাম প্রত্যাহার করে নেয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও মন্টি। জাতীয় দলের কোচ সিজার প্রানদেল্লি জানিয়ে দিয়েছেন ইতালির নাম প্রত্যাহারে কোনো সমস্যা নেই তার।
ম্যাচ পাতানোর অভিযোগে এরই মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। প্রশ্ন ওঠায় জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে ডিফেন্ডার ডোমেনিকো ক্রিসকিটোকে।
ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রানদেল্লি বলেন, “যদি বল হয় ফুটবলের ভালোর জন্য আমাদের অংশগ্রহণ না করা উচিৎ, এটা আমার জন্য কোনো সমস্যা না।”
“আমি যুদ্ধ পছন্দ করি না। আমি যে কোনো সমস্যার মুখোমুখি হতে পছন্দ করি এবং পরিস্থিতি বিবেচনা না করে কখনই কোনো পক্ষ অবলম্বন করি না,” যোগ করেন তিনি।
এ সপ্তাহের শুরুতে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ম্যাচ পাতানোর সমস্যা সমূলে বিনাশ করতে দরকার পড়লে দেশের ফুটবলে কিছুদিন বিরতি নেয়া বরং ভালো হবে।
ম্যাচ পাতানো নিয়ে এত কিছুর প্রভাব পড়েছে দলের পারফমেন্সের উপর। ইউরোর আগে শুক্রবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে রাশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রানদেল্লি বলেন, “আমাদের অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা অনেক ভুল করেছি। তবে আশাকরি সমস্ত ভুলের কোটা এই রাতেই শেষ হয়ে গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৫৩ ঘ.
bdnews24