ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম) - ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই অঘটনের শিকার হয়েছেন ১৩টি গ্র্যান্ড ¯¬াম শিরোপার মালিক সেরেনা উইলিয়ামস। র্যাংকিংয়ের ১১১ নম্বর খেলোয়াড় ফ্রান্সের ভার্জিনিয়া রাজ্জানোর কাছে ৪-৬, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হেরে গেছেন তিনি।
মেয়েদের সাবেক এক নম্বর সেরেনা এর আগে কখনোই কোনো গ্র্যান্ড ¯¬ামের প্রথম রাউন্ড থেকে বিদায় নেননি।
তিন ঘন্টা তিন মিনিটের দীর্ঘ লড়াইয়ে শুরুতে এগিয়ে ছিলেন সেরেনাই। প্রথম সেট ৬-৪ এ জিতে নেন তিনি। দ্বিতীয় সেট টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৫-১-এ এগিয়েও গিয়েছিলেন সেরেনা। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান রাজ্জানো। আর তৃতীয় সেটে সেরেনা দাঁড়াতেই পারেননি বলা যায়।
ম্যাচ শেষে হতাশ সেরেনা বলেন, “কোনো অজুহাত দিতে চাই না। আমি প্রচুর ভুল করেছি। আসলে আমি খেলতেই পারিনি।”
এদিকে তৃতীয় রাউন্ডে উঠেছেন মেয়েদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কা, ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসার ও সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ।
পুরুষদের এককে দ্বিতীয় রাউন্ডের বাধা অতিক্রম করেছেন নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, হুয়ান মার্টিন দেল পোর্তো, ফার্নান্দো ভারদাস্কো ও টমাস বার্দাইচ।
বুধবার তৃতীয় রাউন্ডে ওঠার পথে একটি রেকর্ডও গড়েছেন ফেদেরার। উন্মুক্ত যুগে গ্র্যান্ড ¯¬ামে সবচেয়ে বেশি ম্যাচ (২৩৪টি) জয়ের রেকর্ড এখন তার দখলে। আগের রেকর্ডটি ছিলো জিমি কোনর্সের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এসএনএল/এএআর/২১৪৭ঘ.
bdnews24