ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেজবাবুল হক মানিকের হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়নকে সহজেই হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেল জিতেছে ৪-১ গোলে।
লিগে এটি নবম হ্যাটট্রিক হলেও আগের সবগুলোই ছিলো বিদেশী ফুটবলারদের।
তবে এবারের লিগের দ্রুততম হ্যাটট্রিক করার কৃতিত্ব মানিকের। ম্যাচের ৫৯, ৬৬ ও ৭০ মিনিটে অর্থাৎ মাত্র ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করেন জাতীয় দলের এই মিডফিল্ডার।
বিজয়ী দলের অন্য গোলটি বাপ্পি হোসেন মুরাদের। ব্রাদার্সের একমাত্র গোলদাতা দিদারুল আলম।
এই জয়ে ১৫ ম্যাচে শেখ রাসেলের সংগ্রহ ২৪ পয়েন্ট। ব্রাদার্সের পয়েন্ট ১৫।
দিনের অন্য ম্যাচে ফেনী সকার ক্লাব ১-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। ৫৫ মিনিটে একমাত্র গোলটি করেন নাইজেরীয় স্ট্রাইকার রোল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫১ঘ.
bdnews24