২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের জয়রথ থামলো মুক্তিযোদ্ধায়

আগের দুই ম্যাচে আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়েছিলো মোহামেডান স্পের্টিং ক্লাব লিমিটেড। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা তৃতীয় জয়ের দেখা পায়নি ঐতিহ্যবাহী দলটি। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দুই ম্যাচে আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়েছিলো মোহামেডান স্পের্টিং ক্লাব লিমিটেড। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা তৃতীয় জয়ের দেখা পায়নি ঐতিহ্যবাহী দলটি। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মুক্তিযোদ্ধা। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট সংগ্রহ করা মোহামেডানের অবস্থান চতুর্থ। ৩০ মিনিটে মিডফিল্ডার শাকিল আহমেদের ক্রস থেকে ‘অরক্ষিত’ নাসিরউদ্দিনের আড়াআড়ি শট এগিয়ে দেয় মুক্তিযোদ্ধাকে (১-০)। ১১ মিনিট পর প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরায় মোহামেডান। মুক্তিযোদ্ধার ডিফেন্ডার রেজাউল কারিমের কাছ থেকে বল কেড়ে নিয়ে নাইজেরীয় মিডফিল্ডার এনডুকা আউয়া জড়িয়ে দেন জালে (১-১)। তবে বিরতির ঠিক আগে আবার এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ব্রাজিলীয় মিডফিল্ডার লিমা ডি সুজার দুর্দান্ত ফ্রিকিক বুঝতেই পারেননি মোহামেডানের গোলরক্ষক (২-১)। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরাতে মরিয়া মোহামেডান সাফল্য পায় ৭৬ মিনিটের সময়। বক্সের ভেতরে মুক্তিযোদ্ধার শাকিল মোহামেডানের ইয়াসিনকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি আব্দুল হান্নান মিরন। সুযোগটি কাজে লাগিয়ে ২-২ করেন নাইজেরীয় মিডফিল্ডার ড্যামিয়েন সিগোজি। শেষ বাঁশির তিন মিনিট আগে এনডুকা ফাঁকা পোস্ট পেয়েও ব্যর্থ না হলে জিততেও পারতো মোহামেডান। তবে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক তার দল ড্র করায় রেফারির ওপরে ভীষণ ক্ষুব্ধ। তিনি বলেন, “দ্বিতীয়ার্ধে রেফারির কয়েকটি ভুল সিদ্ধান্তের জন্য আমরা জিততে পারিনি। বিশেষ করে পেনাল্টির সিদ্ধান্ত ছিলো ভুল।” অন্যদিকে মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো তার দলের খেলায় সন্তুষ্ট। তিনি বলেন, “প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে আমাদের দল অনেক ভালো খেলেছে। তাই শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেয়া সম্ভব হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১০ঘ.