ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিকের বাছাই পর্ব থেকেই বাদ পড়ে গেছেন ১০ হাজার মিটারে সাবেক বিশ্ব রেকর্ডের মালিক হেইলে জেব্রেসেলাসি। রোববার নেদারল্যান্ডসের হেঙ্গেলোতে ফ্যানি ব্ল্যাংকার্স-কোয়েন গেমসে ইথিওপিয়ার কিংবদন্তীতুল্য এই দৌড়বিদের অবস্থান সপ্তম।
ইথিওপিয়ার আনুষ্ঠানিক অলিম্পিক বাছাইয়ের জন্য আয়োজিত ১০ হাজার মিটারে ২৭ মিনিট ২০.৩৯ সেকেন্ড সময় নেন জেব্রেসেলাসি। বিজয়ী তারিকু বেকেলের চেয়ে যা প্রায় ৯ সেকেন্ড বেশি।
এই ব্যর্থতায় স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ ১৯৯৬ ও ২০০০ অলিম্পিকে ১০ হাজার মিটার দৌড়ে সোনাজয়ী জেব্রেসেলাসি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “দৌড়ানোর সময় ভাবছিলাম যদি আমি সেরা তিনের মধ্যে থাকতে পারতাম! কিন্তু তা হয়নি। বিশেষ করে শেষ চার শ মিটারে আমি মোটেও ভালো দৌড়াতে পারিনি।”
বিশ্ব চ্যাম্পিয়নশিপে চারটি সোনা জয়ী জেব্রেসেলাসি অলিম্পিকে অংশ নেয়া সম্পর্কে বলেন, “এই সম্ভাবনা শেষ হয়ে গেছে। আর কোনো আশা নেই।”
গত সপ্তাহেই গ্রেট ম্যানচেস্টার দৌড় জিতে টানা পঞ্চমবারের মতো অলিম্পিকে অংশ নেয়ার আশা করেছিলেন জেব্রেসেলাসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩০ঘ.
bdnews24