২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালের সহজ জয়

সোমবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের একমাত্র ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে সহজেই ২-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের দুটো গোলই মোনায়েম খান রাজুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের একমাত্র ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে সহজেই ২-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের দুটো গোলই মোনায়েম খান রাজুর। ম্যাচের দশম মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার জোসেফ আফুসির শট সাইড বারে লেগে ফিরে আসার পর রাজুর হেড এগিয়ে দেয় শেখ জামালকে। দ্বিতীয় গোলটি একেবারে শেষ মুহূর্তে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় শাহেদুল আলমের ক্রস থেকে বল পেয়ে, প্রতিপক্ষের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে দলের জয় নিশ্চিত করেন রাজু। আরামবাগ অবশ্য সমতা ফেরানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় সেগুলো তারা কাজে লাগাতে পারেনি। এর মধ্যে নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলে একাই দুটো সুযোগ নষ্ট করেছেন। জিতলেও শেখ জামালের কোচ আবু ইউসুফ দলের খেলায় সন্তুষ্ট নন। তিনি বলেন, “আগের দুই ম্যাচে দল যে ছন্দে খেলেছে সোমবার তার লেশও ছিল না। অবশ্য মাঠও তেমন ভালো নয়। এমন এবড়ো-থেবড়ো মাঠে ভালো খেলা মুশকিল।” অন্যদিকে আরামবাগের কোচ শেখ জাহিদুর রহমান মিলন বলেন, “আমাদের দল ভালো খেলেছে ঠিকই, কিন্তু ভালো খেলেও গোল না পেলে কী লাভ! প্রায়ই এমন হচ্ছে আমাদের।” এই জয়ে ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে শেখ জামাল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আরামবাগের অবস্থান দশম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৬ঘ.