ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবার ম্যাচ পাতানো নিয়ে ইতালির ফুটবলাঙ্গন অস্থির! ম্যাচ পাতানোর অভিযোগে লাৎসিওর অধিনায়ক স্তেফানো মাউরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে সদ্য সেরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাসের কোচ আন্তনিও কন্তের বিরুদ্ধে তদন্ত হচ্ছে।
রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ ক্লাবের ডিফেন্ডার দমিনিকো ক্রিসকিতোর বিরুদ্ধেও তদন্ত হতে যাচ্ছে। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে যাওয়ায় আগামী মাসে শুরু হতে যাওয়া ইউরো-২০১২র ইতালিয়ান দল থেকেও বাদ পড়েছেন ক্রিসক্রিতো।
সোমবার ইতালির কভারসিয়ানোতে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে হানা দেয় পুলিশ। আইনজীবী রবার্তো দি মার্তিনো জানান, “ক্রিসকিতোর জন্যই পুলিশ এসেছিলো। সে ছাড়া জাতীয় দলের আর কেউ এর সঙ্গে জড়িত নয়।”
তবে ক্রিসকিতোর এজেন্ট জানিয়েছেন, ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ শুনে তিনি ভীষণ অবাক। এই অভিযোগ অস্বীকারও করেছেন ক্রিসকিতো।
কন্তের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ জুভেন্টাসকে মনে করিয়ে দিচ্ছে এক ভয়ঙ্কর অতীতের কথা। ম্যাচ পাতানোর অভিযোগেই জুভেন্টাসের কাছ থেকে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমের লিগ শিরোপা কেড়ে নেয়া হয়েছিলো এবং তাদের দ্বিতীয় বিভাগে নামিয়ে দেয়া হয়েছিলো।
তবে জুভেন্টাসের জন্য আশার কথা, কন্তের বিরুদ্ধে অভিযোগটা তার সাবেক ক্লাব সিয়েনাতে থাকার সময়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৫১ঘ.
bdnews24