ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দুই ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলো ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তবে বিজেএমসির সঙ্গে পেরে ওঠেনি তারা। রোববার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি লেগে ইসমাইল বানগুরার হ্যাটট্রিকে বিজেএমসি জিতেছে সহজেই, ৩-১ গোলে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ পর্যন্ত সহজে জিতলেও প্রথম গোলের জন্য অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে বিজেএমসিকে। ৪৪ মিনিটে ক্যামেরুনের মিডফিল্ডার বাইবেককে ফরাশগঞ্জের ডিফেন্ডার মারিও ডেভিস বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। সুযোগের সদ্ব্যবহার করে বিজেএমসিকে এগিয়ে দেন গিনির স্ট্রাইকার বানগুরা (১-০)।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার বিজেএমসির সাফল্য। স্বদেশের স্ট্রাইকার আজাগুন আব্দুর রশিদের পাস ধরে বক্সে ঢুকে প্লেসিং শটে গোলটি করেন বানগুরা (২-০)।
১০ মিনিট পর ক্যামেরুনের স্ট্রাইকার সিও জুনাপিওর গোলে ব্যবধান কমিয়ে খেলা জমিয়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলো ফরাশগঞ্জ। কিন্তু ঐ গোলের পরে কেমন যেন চুপসে যায় পুরনো ঢাকার ক্লাবটি।
সেই সুযোগে ৭৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে বিজেএমসির জয় নিশ্চিত করেন বানগুরা। এবারের লিগে
এটি অষ্টম হ্যাটট্রিক।
রোববারের সাফল্যে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বিজেএমসির অবস্থান তৃতীয়। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ আছে অষ্টম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৮ঘ.
bdnews24