ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে তেমন সাফল্য পাননি গেরহার্ড পিটার রাখ। তবে মোহামেডানের কোচ হিসেবে ব্যর্থতা ঘোচাতে চান তিনি। ঢাকার হকির ঐতিহ্যবাহী দলকে শিরোপা এনে দেয়াই তার লক্ষ্য।
শুধু এই মৌসুমের জন্যই মোহামেডানের দায়িত্ব পেয়েছেন গেরহার্ড। তার দায়িত্ব-সীমা এবারের ক্লাব কাপ এবং প্রিমিয়ার লিগ।
রোববার মোহামেডানের ক্লাব প্যাভিলিয়নে এক সংবাদ সম্মেলনে গেরহার্ড বলেন, “ক্লাব ও জাতীয় দল দুটি ভিন্ন ধারা। পার্থক্যও অনেক। মোহামেডানের বেশ কয়েক জন ভালো স্থানীয় খেলোয়াড় আছে। এই দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।”
“তবে শুধু নামে শক্তিশালী হলেই হবে না। কাজেও তার প্রমাণ দিতে হবে। আশা করি মোহামেডানের খেলোয়াড়রা তা প্রমাণ করতে পারবে,” যোগ করেন এই তিনি।
২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় দুই বছর বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন গেরহার্ড। তার অধীনে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ জিতলেও গুয়াংজু এশিয়ান গেমসে অষ্টম হয়েছিলো। তাই তিক্ত অভিজ্ঞতা নিয়েই জাতীয় দল থেকে বিদায় নিতে হয়েছিলো তাকে।
তবে যাওয়ার আগে হকি কর্মকর্তাদের সমালোচনা করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে চিঠি দিয়েছিলেন গেরহার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৫ঘ.
bdnews24