ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর আবার জয়ে ফিরেছে আবাহনী লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশজনের দল নিয়েও তারা ৪-২ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাছে হেরে কিছুটা পিছিয়ে পড়েছিলো আবাহনী। শনিবারের জয়ে আবারো পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে তারা।
১৪ ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ব্রাদার্স ১৫ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।
ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় আবাহনী। মিডফিল্ডার জাহিদকে ব্রাদার্স ডিফেন্ডার মোহাম্মদ জাবেদ ফেলে দিলে রেফারি আজাদ রহমান পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে ঘানান স্ট্রাইকার তুয়াম ফ্রাঙ্ক গোল করেন।
এর কিছুক্ষন পরই মিডফিল্ডার জাহিদ হোসেন লাল কার্ড পেলে আবাহনী দশজনের দলে পরিনত হয়। জাহিদ ব্রাদার্স ডিফেন্ডার জাবেদের জার্সি টেনে ধরে ফেলে দিলে হলুদ কার্ড পান। দুই হলুদ কার্ডের কারণে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।
অবশ্য জাহিদের এই লাল কার্ড পাওয়াটা আবাহনীর খেলায় মোটেও প্রভাব ফেলেনি। উপরুন্ত ৪৫ মিনিটে ডিফেন্ডার লিঙ্কনের চমৎকার ক্রসে ফ্রাঙ্ক হেডে আবাহনী ব্যবধান দ্বিগুন করেন। পাশে দাঁড়ানো ব্রাদার্স ডিফেন্ডাররা প্রতিরোধ গড়ার চেষ্টাও করেননি। গোলরক্ষক উত্তম বড়–য়াও পারেননি রুখতে।
প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবাহনী আরেকটি গোল আদায় করে নেয়। ৪৮ মিনিটে ঘানান মিডফিল্ডার আইডু ইব্রাহিমের গোলে এগিয়ে যায় তারা (৩-০)। ব্রাজিলীয় স্ট্রাইকার ডি সিলভার ক্রসে ইব্রাহিম বলটি ধরে জোরালো শট করেন ব্রাদার্স গোলরক্ষকের হাতে লেগে বলটি জালে জড়ায়।
৬০ মিনিটে ব্রাদার্স একটি গোল শোধ করে। মাঝমাঠ েেক আসা একটি বল আবাহনী গোলক্ষক সোহেল ধরতে র্ব্য হলে ব্রাদার্সের আফ্রিকান মিডফিল্ডার জোসুয়া ফাকায় পেয়ে হেডে গোল করেন (৩-১)।
অবশ্য চার মিনিট পরই আবাহনী আরেকটি গোল পায়। নীল-হলুদের শিবিরের পক্ষে চতুর্থ গোলটি করেন মিডফিল্ডার আরমান আজিজ। ইব্রাহিমের বাড়ানো বল থেকে আরমান একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে মাটি গড়ানো শটে গোল করেন।
ম্যাচের ৭৭ মিনিটে আবাহনী ডিফেন্ডারদের ভুলে ব্রাদার্স আরেকটি গোল শোধ করে। বাঁ প্রান্ত থেকে পাওয়া একটি ক্রসে নাইজেরীয় মিডফিল্ডার কিংসলে চিকোজি দুর্দান্ত শটে গোল করেন। ডিফেন্ডার সুজনের ভুলেই গোলটি হজম করে আবাহনী।
পরে আর কোন গোল করতে না পারায় হেরেই মাঠ ছাড়তে হয় ব্রাদার্সকে। আর আবাহনী এদিন বড় ব্যবধানে জিতলেও মোটেও ভালো ফুটবল খেলতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৫০ঘ.
bdnews24