২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠছে ফ্রেঞ্চ ওপেনের

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেনের পর্দা উঠছে রোববার। নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের প্রধান্য না থাকলেও পুরুষ এককে রেকর্ডের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেনের পর্দা উঠছে রোববার। নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের প্রধান্য না থাকলেও পুরুষ এককে রেকর্ডের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। যদি জোকোভিচ জেতেন তবে ৪৩ বছরের মধ্যে প্রথম কোনো খেলোয়াড় টানা চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতবেন। ১৯৬৯ সালে রড লেভার এই কৃতিত্ব দেখিয়েছিলেন। ফেদেরার জিতলে এটা হবে তার রেকর্ড ১৭তম গ্র্যান্ড স্লাম শিরোপা। আর রেকর্ড ৭টি ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন ক্লে-কোর্টের রাজা নাদাল। গত কয়েক বছরে ফ্রেঞ্চ ওপেনে নাদাল একরকম অপ্রতিরোধ্যই। মাঝে ২০০৯ সাল ছাড়া ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছেন সাবেক এই এক নম্বর তারকাই। জোকোভিচ এবং ফেদেরার দুজনই স্বীকার করেছেন এবারও নাদালই এগিয়ে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফেদেরার বলেন, “আমার মনে হয় সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামা নাদালই ফেভারিট। কেউ কেউ হয়তো এটা মানবে না। কিন্তু আমার কাছে সেই এগিয়ে।” “আমি এখানে তার সঙ্গে অনেকবার খেলেছি। আমি জানি সে রোলাঁ গাঁরোয় কতটা অপ্রতিরোধ্য হতে পারে,” যোগ করেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। ফেদেরারের সঙ্গে একমত পোষণ করেছেন জোকোভিচও। তিনি বলেন, “তিনি (নাদাল) এখানে সবসময়ই ফেভারিট। আমি এটা খুব ভালো করেই জানি এবং আমি এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি।” গত মৌসুমে উইম্বলডন ও ইউএস ওপেনের পর বছরের প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচের সামনেও রেকর্ড গড়ার হাতছানি। বাড়তি চাপ অনুভব করছেন কিনা এই প্রশ্নের জাবাবে র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করা সার্বিয়ান এই টেনিস তারকা বলেন, “খারাপ কিছু হতে চলেছে এটা ভেবে দুশ্চিন্তায় বা বাড়তি চাপে না থেকে আমি বরং এটা ভেবে ভালো অনুভব করছি। তাই আমি সামনেই তাকাতে চাই।” এবারের ড্রও গেছে নাদালের পক্ষে। ফাইনালের আগে দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে না তাকে। সব ঠিকঠাক থাকলে সেমিফাইনালে যুক্তরাজ্যের অ্যান্ডি মারের মুখোমুখি হবেন নাদাল। জোকোভিচ-ফেদেরার দেখা হবে সেমিফাইনালেই। মেয়েদের এককে লড়াই অনেকটা উন্মুক্ত। বর্তমান চ্যাম্পিয়ন চীনের লি না আগের ফর্মে নেই। মূল লড়াইটা হতে পারে র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভা ও সেরেনা উইলিয়ামসের মধ্যে। নতুন কোনো রানীও পেয়ে যেতে পারে টেনিস বিশ্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৯৫২ ঘ