ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একশ মিটারে চলতি মৌসুমে নিজের জয়যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হলেও ‘টাইমিং’ নিয়ে হতাশ জ্যামাইকার ¯িপ্রন্ট তারকা উসাইন বোল্ট। শুক্রবার ১০.০৪ সেকেন্ড সময় নিয়ে ৫১তম অস্ট্রাভা গোল্ডেন স্পাইক শিরোপা জেতেন তিনি।
১০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ডের (৯.৫৮ সেকেন্ড) মালিক বোল্ট। নিজের সর্বশেষ ৩০ ¯িপ্রন্ট ফাইনালে শুক্রবারই সবচেয়ে ধীর গতিতে দৌড় শেষ করেছেন তিনি। পরে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোল্ট বলেন, “আমি হতাশ। কেন এমন হল তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই।”
প্রতিযোগিতার আগেই নিজের লক্ষ্য ঠিক করে রাখলেও তার ধারেকাছে যেতে পারেননি বোল্ট। এমন কী এই প্রতিযোগিতাটি দিয়ে মৌসুমে নিজের সেরা টাইমিংয়ের উন্নতি করার ইচ্ছাই পূরণ করতে পারেননি তিনি।
গত ৫ মে মৌসুমের একমাত্র প্রতিযোগিতায় ৯.৮২ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন বোল্ট।
অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্টের পেছনে থেকে দৌড় শেষ করেন সেন্ট কিটস ও নেভিসের কিম কলিনস ও মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিস পেটন।
লন্ডন অলিম্পিককে লক্ষ্য করে নিজের টাইমিংয়ের উন্নতির একটি লক্ষ্য ঠিক করে রেখেছেন। গত সপ্তাহেই বলেছিলেন, অস্ট্রাভায় ৯.৭ সেকেন্ডের কাছাকাছি সময়ে দৌড় শেষ করতে চান তিনি।
বোল্ট বলেন, “দৌড়ের শুরুতে আমি যথেষ্ট শক্তি পাইনি। আমার ধারণা এটা আমার খারাপ একটা দিন।”
“স্বাভাবিকভাবে আমি যতটা শক্তি অনুভব করি সেটা করিনি। পা যেন জোরই পাচ্ছিলাম না। এর কারণ আমার জানা নেই। এখন আমার নতুন করে পরিকল্পনা করবে হবে এবং কোচের সঙ্গে কথা বলতে হবে,” যোগ করেন তিনি।
ফলস স্টার্টকেও কারণ হিসেবে দেখাননি বোল্ট। ফলস স্টার্টের ০.১৮০ সময় পর দেখানো বোল্টের প্রতিক্রিয়া অবশ্য অন্য কথাই বলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮০৫ ঘ.
bdnews24