ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিরোপা উপহার দিয়েই প্রিয় গুরুকে বিদায় জানিয়েছে শিষ্যরা। শুক্রবার অ্যাথলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে কিংস কাপ (কোপা দেল রে) শিরোপা জিতেছে বার্সেলোনা। পেপ গার্দিওলার অধীনে এটি ছিলো বার্সেলোনার সর্বশেষ ম্যাচ। এই নিয়ে চার বছরে বার্সাকে ১৪টি শিরোপা এনে দিলেন গার্দিওলা।
অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে প্রথমার্ধেই গোল তিনটি করে বার্সেলোনা। খেলার ৩ মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায় অতিথিরা। ২০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি। মৌসুমে এটি তার ৭৩তম গোল। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো।
এটি বার্সেলোনার রেকর্ড ২৬তম কিংস কাপ শিরোপা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “চার বছরে ১৪টি শিরোপা জেতা খুবই কঠিন। আমরা খুবই সন্তুষ্ট।”
গত তিন মৌসুমে টানা তিনটি লিগ শিরোপার পাশাপাশি দুইটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ মোট ১৩টি শিরোপা জিতেছিলো বার্সেলোনা। এবার রিয়াল মাদ্রিদের কাছে লিগ শিরোপা হারানোর পাশাপাশি চেলসির কাছে অপ্রত্যাশিতভাবে হেরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে ব্যর্থ হয় গার্দিওলার দল। এরপরও মৌসুমটি খারাপ গেছে এমনটা মানতে নারাজ এই কোচ।
গার্দিওলা বলেন, “এটা ছিলো সবচেয়ে ভালো মৌসুম। এবছরই কৌশলগত দিক দিয়ে আমরা সবচেয়ে বেশি উন্নতি করেছি। শুরুর কয়েক বছরে শক্তি এবং শারীরিক দক্ষতাই ছিলো সব। আমাদের প্রথম মৌসুমের খেলাগুলো আমি দেখেছি। ওই সময়ে আমরা সবচেয়ে বেশি ভুল করেছি।”
তার অধীনের বার্সেলোনাই সবচেয়ে ভালো দল ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন, “এমন কিছু বললে সেটা অহংকারীর মত বলা হবে। তবে আমি জানি আমরা কিছু ভালো স্মৃতি পেছনে ফেলে যাচ্ছি এবং মানুষ এটা দিয়ে আমাদের মনে রাখবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭৩৫ ঘ.
bdnews24