ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২ জুন লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো-২০১২র শেষ প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইংল্যান্ড। ঐ ম্যাচের বিরতির সময় ডেভিড বেকহামকে সম্মানিত করবে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
জাতীয় দলের হয়ে ১১৫টি ম্যাচ খেলা বেকহামকে একটি স্মারক টুপি ও একটি পদক দেয়া হবে।
তবে শুধু বেকহাম নন, ইংল্যান্ডের হয়ে অন্তত ১০০টি ম্যাচ খেলা আরো কয়েক জন খেলোয়াড়কেও সম্মাননা দেয়া হবে। যাদের মধ্যে আছেন ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জয়ী দলের ফরোয়ার্ড ববি চার্লটন এবং সাবেক গোলরক্ষক পিটার শিল্টন।
১৯৬৬ বিশ্বকাপের অধিনায়ক ববি মুর এবং গত শতাব্দীর চল্লিশ ও পঞ্চাশের দশকের ডিফেন্ডার বিলি রাইটের পরিবারের সদস্যদের হাতেও পদক তুলে দেবেন এফএ’র সভাপতি ডেভিড বার্নস্টাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০১৯ঘ.
bdnews24