২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমার হ্যাটট্রিকে আবাহনীর পাশে মুক্তিযোদ্ধা

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডকে ধরে ফেলেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ব্রাজিলী মিডফিল্ডার লিমা ডি সুজার হ্যাটট্রিকের সুবাদে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে সহজেই ৪-১ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডকে ধরে ফেলেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ব্রাজিলী মিডফিল্ডার লিমা ডি সুজার হ্যাটট্রিকের সুবাদে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে সহজেই ৪-১ গোলে হারিয়েছে তারা। ১৪ ম্যাচ থেকে মুক্তিযোদ্ধার সংগ্রহ ৩০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্টও ৩০। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে মুক্তিযোদ্ধা। বিরতির ঠিক আগে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন লিমা। ৫৯ মিনিটে আবার লিমার গোল। ডিফেন্ডার নাসিরের থ্রু ধরে জোরালো শটে আরামবাগের গোলরক্ষক বিশুকে পরাস্ত করেন তিনি (২-০)। ৬৭ মিনিটে খালেদ আহমেদের ক্রস থেকে লাইবেরীয় স্ট্রাইকার বেঞ্জামিন কুপারের হেডে ব্যবধান কমায় আরামবাগ (২-১)। ৮২ মিনিটে নাসিরের ব্যাক পাস ধরে বক্সের সামনে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন লিমা (৩-১)। এটি লিগের সপ্তম হ্যাটট্রিক। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে শেষ গোলটি করেন মামুন (৪-১)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৬ঘ.