২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ গ্র্যান্ড মাস্টারের অঙ্গীকার

‘মিলেছি আমরা এক রেখায়’- এই স্লোগান নিয়ে দাবা ফেডারেশনের নির্বাচনে দেশের পাঁচ গ্র্যান্ড মাস্টার মিলিত হয়েছেন। খন্দকার কায়েস হাসান ও নিয়াজ মোরশেদ পরিষদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘মিলেছি আমরা এক রেখায়’- এই স্লোগান নিয়ে দাবা ফেডারেশনের নির্বাচনে দেশের পাঁচ গ্র্যান্ড মাস্টার মিলিত হয়েছেন। খন্দকার কায়েস হাসান ও নিয়াজ মোরশেদ পরিষদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। বৃহস্পতিবার ছিল প্যানেলটির পরিচিতি সভা। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এই সভায় পাঁচ গ্র্যান্ড মাস্টার ছাড়াও বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ, সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার কায়েস হাসান ও কোষাধ্যক্ষ প্রার্থী রণদেব দাসগুপ্ত উপস্থিত ছিলেন। সভায় নিয়াজ মোরশেদ অভিযোগ করেন বহিরাগতদের কারণেই নির্বাচনে দুটি প্যানেল হয়েছে। তিনি বলেন, “জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ বহিরাগতদের ছাড় দিতে গিয়ে আমাদের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি। তা না হলে দুটি প্যানেল হতো না।” “তবে আমরা জিততে পারলে দেশের দাবায় জোয়ার আনতে পারবো। সেই প্রত্যয় নিয়েই নির্বাচনের মাঠে নেমেছি,” যোগ করেন দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার। আরেক গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার বলেন, “যারা দাবা নিয়ে কাজ করবেন বলছেন, তারা কী করে দাবাড়ুদের বিরুদ্ধে যেতে পারেন? তারা নির্বাচিত হলে দাবার উন্নয়নে কী কাজ করবেন তা নিয়ে সন্দেহ আছে!” “দাবার উন্নতি করতে হলে দাবাড়–দের পাশে নিয়েই কাজ করতে হবে। তাহলেই কেবল উন্নতি করা সম্ভব,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৭ঘ.