ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না ডেভিড ভিয়ার। স্পেনের সর্বোচ্চ গোলদাতা পায়ের চোট কাটিয়ে উঠতে না পারায় জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, “ডেভিড ভিয়া নিশ্চিতভাবেই ইউরো ২০১২তে (খেলোয়াড়দের) তালিকায় থাকতে পারছেন না।”
ভিয়ার ক্লাব বার্সেলোনাও তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “ভিয়া নিজেই সিদ্ধান্তটি নিয়েছেন এবং স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ককে জানিয়েছেন।”
গত ডিসেম্বরে পায়ের চোটে পড়ার পর থেকেই মাঠের বাইরে ৩০ বছর বয়সী ভিয়া। জাতীয় দলের হয়ে ৮২ ম্যাচে ৫১টি গোল করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৯ঘ.
bdnews24