২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসির কাছে ব্রাদার্সের হার

গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরার জোড়া গোলে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দিয়েছে বিজেএমসি। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিজেএমসি জিতেছে ৩-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরার জোড়া গোলে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দিয়েছে বিজেএমসি। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিজেএমসি জিতেছে ৩-১ গোলে। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বিজেএমসি রয়েছে চতুর্থ স্থানে। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট সংগ্রহ করা ব্রাদার্সের অবস্থান পঞ্চম। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিজেএমসি। ব্রাদার্সের ডিফেন্ডার দিদারুল আলম বক্সের মধ্যে নাইজেরীয় স্ট্রাইকার আজাগুন আব্দুর রশিদকে ফাউল করলে বেজে ওঠে রেফারির পেনাল্টির বাঁশি। সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন বানগুরা। চার মিনিট পরই ব্যবধান দ্বিগুন করে ফেলে বিজেএমসি। এবারো গোলদাতা বানগুরা। আজাগুনের চমৎকার ক্রস থেকে তার হেড চলে যায় ব্রাদার্সের জালে। শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও দমে যায়নি ব্রাদার্স। ২৩ মিনিটে একটি গোল শোধ করে তারা। বক্সের বাইরে থেকে নেয়া জামাল হোসেনের চমৎকার শটে কমে আসে ব্যবধান। তবে ৪১ মিনিটে বানগুরার পাস ধরে সাইফুল বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে আবার দুই গোলের ব্যবধান এনে দেন বিজেএমসিকে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শেষ বাঁশি পর্যন্ত বিজয়ী দলেরই প্রাধান্য ছিলো। ম্যাচ শেষে বিজেএমসির কোচ জাকারিয়া বাবু জানান, শুরুর সাফল্যই সহজ জয় এনে দিয়েছে তার দলকে। তিনি বলেন, “মাত্র ৬ মিনিটের মধ্যে দুই গোল পেয়ে যাওয়ায় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিলো। সহজ জয়ের সেটাই বড় কারণ।” অন্যদিকে ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন হারের জন্য দায়ী করেন পেনাল্টির সিদ্ধান্তটিকে। তিনি বলেন, “শুরুতেই পেনাল্টি থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর আমরা আর খেলায় ফিরতে পারিনি। পেনাল্টির সিদ্ধান্তটা ভুল ছিলো। এই সিদ্ধান্তই আমাদের পিছিয়ে দিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৮ঘ.