ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই তরুণের গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশ জনের দল নিয়েও মোহামেডান জিতেছে ২-০ গোলে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের দুই গোলদাতা ফরোয়ার্ড সোহেল রানা ও স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ।
পুরো ম্যাচেই ভালো খেলেছে মোহামেডান। বেশিরভাগ সময় খেলার নিয়ন্ত্রণ ছিলো তাদের হাতে।
অন্যদিকে পুরো ম্যাচে নি®প্রভ আবাহনী একটিও গোলের সুযোগ তৈরি করতে পায়নি। বরং প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই বেশিরভাগ সময় ব্যস্ত ছিলো তারা।
২৬ মিনিটে সোহেল রানা এগিয়ে দেন মোহামেডানকে। মিডফিল্ডার শরিফুল ইসলামের ক্রস আবাহনীর গোলরক্ষক সোহেল পাঞ্চ করলে সোহেল বল বুক দিয়ে থামিয়ে জালে জড়িয়ে দেন।
৪৩ মিনিটে দ্বিগুন হয়ে যায় ব্যবধান। বেনিনের স্ট্রাইকার ওকালাউনের লব ধরে, অফসাইড ফাঁদ ভেঙ্গে প্রতিপক্ষের ডিফেন্ডার সামাদ ইউসুফকে কাটিয়ে ডান পায়ের শটে গোল করেন ওয়াহেদ।
পুরো দ্বিতীয়ার্ধ এই ব্যবধান ধরে রেখে জয়োল্লাসে মেতে ওঠে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।
৮৩ মিনিটে সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলে দশ জনে পরিণত হয় মোহামেডান।
লিগে এটি আবাহনীর প্রথম হার। তবে হেরে গেলেও পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা। ১৩ ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ৩০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে মোহামেডানের পয়েন্ট ১৭। চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সপ্তম স্থান থেকে তারা উঠে এসেছে পঞ্চম স্থানে।
আবাহনীর ইরানী কোচ আলী আকবরের বিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাসই তার দলের হারের প্রধান কারণ। তিনি বলেন, “জিততে-জিততে আমাদের খেলোয়াড়দের মধ্যে ধারণা জন্মেছে যে তারাই সেরা। আর এটিই কাল হয়েছে। মোহামেডান খেলোয়াড়রা সুযোগটি নিয়েছে। অবশ্য তারা খেলেছেও ভালো।”
“আমাদের কেউই ভালো খেলতে পারেনি। প্রথম ৪৫ মিনিট তো বলতে গেলে দাঁড়িয়েই ছিলো তারা,” যোগ করেন আলী আকবর।
এই জয়ে মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো দারুণ খুশি। তিনি বলেন, “এ মুহূর্তে আমরাই লিগের সেরা দল। কারণ আমরা লিগে শীর্ষে থাকা দলকে হারিয়েছি। তাছাড়া ফিরতি লেগে আমাদের দল অনেক গুছিয়েও উঠেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩১ঘ.
bdnews24