ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এবারের লিগে এটি দু দলের দ্বিতীয় লড়াই। প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো।
পেশাদার লিগে অবশ্য মোহামেডানের বিপক্ষে আবাহনীর সাফল্যের পাল্লা ভারী। এর আগে ৯টি মুখোমুখি লড়াইয়ে আবাহনী জিতেছে তিন বার, মোহামেডান একবার, বাকি ৫ ম্যাচ ড্র।
এবারের লিগের শিরোপা-লড়াইয়েও মোহামেডানের চেয়ে আবাহনী অনেকখানি এগিয়ে। ৩০ পয়েন্ট নিয়ে আবাহনী আছে শীর্ষে। ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান সপ্তম।
তবে প্রথম লেগের হতাশাকে পেছনে ফেলে ফিরতি লেগে মোহামেডান অনেকখানি গোছানো দল। নতুন পাঁচ বিদেশী এবং বিজেএমসি থেকে অভিজ্ঞ স্ট্রাইকার আলফাজ আহমেদের অন্তর্ভুক্তি ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের শক্তি বাড়িয়ে দিয়েছে অনেকখানি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগের ম্যাচেও তার প্রমাণ পাওয়া গেছে।
মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো আবাহনীর বিপক্ষেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান। তিনি বলেন, “দল হিসেবে আবাহনী অবশ্যই আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তারা শীর্ষে আছে। তারপরও তাদের বিপক্ষে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবো।”
“আমাদের খেলোয়াড়রা লড়াইয়ের জন্য প্রস্তুত। আবাহনীকে কঠিন লড়াইয়ের সামনে দাঁড়াতে হবে,” যোগ করেন এমেকা।
আবাহনীর ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমি বলেন, “আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবো। তবে সমস্যা হলো আবাহনীর বিপক্ষে প্রতিটি দলই রক্ষণাত্মক খেলে। তারা ডিফেন্সকে শক্তিশালী করে আক্রমণে যায়। তাই ম্যাচটি ড্র-ও হতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৯ঘ.
bdnews24