ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক দিন আগে নীল কোর্টের মাদ্রিদ ওপেনে ভালো খেলতে পারেননি। কিন্তু লাল কোর্টে ফিরতেই ‘ক্লে কোর্টের রাজা’ রাফায়েল নাদাল সাফল্যে রঙিন। সোমবার রোম মাস্টার্সের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে সরাসরি ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন নাদাল।
রোম মাস্টার্সে এটি নাদালের ষষ্ঠ শিরোপা। সুবাদে র্যাংকিংয়ের দুই নম্বর স্থানও ফিরে পাচ্ছেন তিনি। মাদ্রিদ ওপেনের শিরোপা জিতে যে সম্মান নাদালের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার।
মাদ্রিদে ব্যর্থ হলেও ২৭ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে তাই অনুপ্রেরণার অভাব হবে না নাদালের। রোলাঁ গারোঁতে গতবার সহ ৬ বারের বিজয়ী যে তিনিই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০৫ঘ.
bdnews24