ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ পর জয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার ফেনী স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে স্থানীয় সকার ক্লাবকে।
ফিরতি লেগেও শেখ জামালের এটি প্রথম জয়। এর আগে বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র এবং তূলনামূলক দুর্বল প্রতিপক্ষ ফরাশগঞ্জের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। প্রথম লেগেরও শেষ দুই ম্যাচে জয় পায়নি তারা।
সকার ক্লাবের বিপক্ষে তাই একটু বেশিই শতর্ক ছিল শেখ জামাল। গোলেরও দেখা পেয়েছে ম্যাচের শুরুতেই। ১২ মিনিটে ক্যামেরুণের স্ট্রাইকার কেস্টার আখনের গোলে এগিয়ে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন শেখ জামালের নতুন বিদেশী নাইজেরীয় স্ট্রাইকার জোসেফ আফুসি। আর ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতে তৌহিদুল আলম তৃতীয় গোল করেন বিজয়ী দলের পক্ষে।
এই জয়ে ১৩ ম্যাচে শেখ জামাল ঝুলিতে পুরেছে মাত্র ১৫ পয়েন্ট। অবস্থান ষষ্ঠ। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সকার ক্লাব থেকে গেলো সেই নবম স্থানে। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আবাহনী শীর্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯১৫ঘ.
bdnews24