২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিই এখন সেরা ফুটবলার: রোনালদো

এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? কেউ রোনালদোর পক্ষে তো কেউ মেসির পক্ষে। তবে স্বয়ং রোনালদোর দাবি, তিনিই এখন বিশ্বের সেরা ফুটবলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? কেউ রোনালদোর পক্ষে তো কেউ মেসির পক্ষে। তবে স্বয়ং রোনালদোর দাবি, তিনিই এখন বিশ্বের সেরা ফুটবলার। ‘সিএনএন ওয়ার্ল্ড স্পোর্টস’কে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “কখনো কখনো এই তুলনা আমাকে ক্লান্ত করে তোলে। তাকেও (মেসি) নিশ্চয়ই করে। কারণ সবাই সব সময় আমাদের তুলনা করতে থাকে।” “ফেরারি ও পোর্শের মধ্যে কোনো তুলনা চলে না। কারণ দুটি গাড়ির ইঞ্জিন আলাদা। সে (মেসি) যেমন বার্সেলোনার জন্য নিজের সেরাটা ঢেলে দিচ্ছে তেমনি আমিও (রিয়াল) মাদ্রিদের জন্য দিচ্ছি। আমরা আমাদের নিজেদের রেকর্ডই ভাঙ্গছি। ব্যাপারটা সত্যিই অসাধারণ,” যোগ করেন সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার। দুজনের মধ্যে তুলনায় ক্লান্ত হলেও নিজেরাই যে মাঝে-মাঝে প্রতিযোগিতায় নামেন তা জানিয়ে রোনালদো বলেন, “আমার মনে হয় মাঝে-মধ্যে আমরা নিজেরাই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করি। এ কারণে প্রতিযোগিতাটাও হয় উঁচু পর্যায়ের। সেজন্য রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা বিশ্বের দুই সেরা দল। প্রত্যেকে দল দুটোর মধ্যে তুলনা করে।” এরপর গর্বের সঙ্গে তিনি বলেন, “কারো সঙ্গে আমার তুলনা আমি পছন্দ করি না। কেউ বলে আমি সেরা, কেউ বলে সে (মেসি)। কিন্তু দিন শেষে কে সেরা সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার প্রত্যেকেরই আছে। যেমন আমার মনে হয় আমিই এখন সেরা।” রিয়াল মাদ্রিদ চার বছর পর চ্যাম্পিয়ন হলেও ৫০ গোল নিয়ে এবারের লা লিগায় সর্বোচ্চ গোলদাতা মেসি। রোনালদোর গোল ৪৬টি। ৭২ গোল করে এক মৌসুমে জার্ড মুলারের ৬৭ গোলের রেকর্ডও ভেঙ্গে দিয়েছেন গত তিন বারের ফিফা বর্ষসেরা মেসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৩ঘ.