২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোলরক্ষকের ভিন্ন ‘যুদ্ধ’

শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে একটি ব্যক্তিগত লড়াইয়ের মঞ্চও প্রস্তুত। লড়াইটা দুই দলের গোলরক্ষক পিওতর চেক ও ম্যানুয়েল নয়েরের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে একটি ব্যক্তিগত লড়াইয়ের মঞ্চও প্রস্তুত। লড়াইটা দুই দলের গোলরক্ষক পিওতর চেক ও ম্যানুয়েল নয়েরের মধ্যে। সেমিফাইনালে চেলসি ও বায়ার্নের জয়ের নায়ক ছিলেন দুজনে। ট্রফি ইংল্যান্ডে যাবে নাকি জার্মানিতে, তা অনেকখানি নির্ভর করছে দুজনের ওপরে। স্বদেশ চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লজেনের যুব দল দিয়ে ফুটবল-জীবন শুরু করা চেক ২০০৪ সালে যোগ দেন চেলসিতে। সেমিফাইনালে চেলসির বিপক্ষে বার্সেলোনাকে এগিয়ে রেখেছিলো অনেকে। কিন্তু দু দলের মধ্যে পার্থক্য গড়ে দেন ২৯ বছর বয়সী চেক। প্রথম লেগে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অন্তত তিন বার নিশ্চিত বিপদ থেকে দলকে রক্ষা করেন তিনি। ন্যু ক্যাম্পে ফিরতি লেগে চেলসি দুই গোল খেলেও তাদের বেশ কয়েক বার গোল খাওয়ার হাত থেকে বাঁচান চেক। তার দৃঢ়তায় ম্যাচটি ড্র করে গত বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে বিদায় করে চেলসি আজ শিরোপার দ্বারপ্রান্তে। তবে ফাইনালে প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন চেক। তিনি বলেন, “ওদের মাঠে (মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায়) খেলবো বলে ফাইনালে আমাদের কিছুটা পিছিয়ে রাখতে হবে। কোনো দলের নিজেদের মাঠে খেলার সুযোগ পাওয়াটা খুবই বিরল। আমার মনে হয় বায়ার্ন মিউনিখ এই কারণে কিছুটা এগিয়ে থাকবে। যদিও আমরা জয়ের জন্য সর্বাত্মক লড়াই করবো।” চেকের তুলনায় ২৬ বছর বয়সী নয়েরের অভিজ্ঞতা কম। ২০০৬ সালে স্বদেশ জার্মানির শালকে জিরো ফোরের হয়ে পেশাদার ফুটবলে তার অভিষেক। সেখানে ৫ বছর কাটিয়ে ২০১১ সালে যোগ দেন বায়ার্ন মিউনিখে। তবে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও নৈপুণ্যে একটুও পিছিয়ে নেই নয়ের। রিয়াল মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের ফিরতি লেগে টাইব্রেকারে ক্রিস্টিয়ানো রোনালদো ও কাকার শট ঠেকিয়ে তিনিই বায়ার্নের জয়ের নায়ক। চেক এর আগে ২০০৮ সালে ফাইনালে খেললেও নয়েরের এটাই প্রথম চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, “চেলসি কৌশলগত দিক থেকে খুবই নিখুঁত। বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালের দুই লেগেই তারা সেটা দেখিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৭ঘ.