ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ভালো খেলেও জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে।
তবে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে বড় ব্যবধানেও জিততে পারতো মোহামেডান। মধ্যবর্তী দলবদলে বিজেএমসি থেকে যোগ দেয়া অভিজ্ঞ স্ট্রাইকার আলফাজ আহমেদ একাই দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন। তার পথ ধরে বিদেশীরাও নষ্ট করেছেন দারুণ কয়েকটি সুযোগ।
তাই ফিরতি লেগে নিজেদের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরকে। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান ষষ্ঠ। ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাদার্স। তারা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।
২১ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন আলফাজ। মিডফিল্ডার মতিউর মুন্নার চমৎকার থ্রু ধরে গোলরক্ষকে একা পেয়েও তিনি গোল করতে পারেননি। তার শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায়।
বিরতির মিনিট চারেক আগে আবার মোহামেডানের জন্য হতাশা। শরিফুল ইসলামের কর্নার থেকে বেনিনের স্ট্রাইকার ওকালোয়ানের শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন ব্রাদার্সের ডিফেন্ডার খান মোহাম্মদ তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ব্যর্থ হন আলফাজ। মিডফিল্ডার ওয়াহেদ আহমেদ এক জন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ব্যাক পাস করেছিলেন। কিন্তু আলফাজের শট সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়।
৫৬ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় ব্রাদার্স। জামাল হোসেনের পাস থেকে নাইজেরীয় স্ট্রাইকার ভিক্টরি অ্যান্থ’নি আচমকা শটে গোলটি করেন (১-০)।
মোহামেডান অবশ্য কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায়। মতিউর মুন্নার ফ্রি কিক থেকে রজনীর হেড গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসে। ফিরতি বলে আলফাজের বদলি হিসেবে খেলতে নামা মোহাম্মদ রনির হেড জালে চলে যায় (১-১)।
৮৬ মিনিটে ওকালোয়ানের শট সাইডবারে লেগে ফিরে এলে আবার হতাশ হতে হয় মোহামেডানকে। এরপর তারা আর ব্রাদার্সের জাল খুঁজে পায়নি।
তবে ড্র করলেও দলের খেলায় সন্তুষ্ট মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো। ম্যাচ শেষে তিনি বলেন, “এবারের লিগে এটাই মোহামেডানের সেরা ম্যাচ। আমরা অনেকগুলো সুযোগ নষ্ট করেছি। তারপরও আমি দলের খেলায় সন্তুষ্ট। আশা করি পরের ম্যাচগুলোতে ভালো খেলার ধারা বজায় রাখতে পারবো।”
অন্যদিকে ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন রেফারিং নিয়ে ক্ষুব্ধ। তিনি বলেন, “এই ম্যাচে আমরা জিততেও পারতাম। কিন্তু রেফারির কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে আমাদের ড্র করতে হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪২ঘ.
bdnews24