ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের চ্যাম্পিয়নস লিগের চার সেমিফাইনালিস্ট নির্ধারণ হওয়ার পর ফাইনালে ‘এল ক্লাসিকো’ অর্থাৎ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই দেখার আশা করেছিলো অনেক ফুটবলপ্রেমী। কিন্তু তাদের আশার গুড়ে বালি ছিটিয়ে খানিকটা অপ্রত্যাশিতভাবেই শনিবার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ ও চেলসি। ম্যাচটি মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হবে বলে স্বাগতিকের সুবিধা উপভোগ করবে বায়ার্ন।
এর আগে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টটির ফাইনালে নিজেদের মাঠে জয়ের আনন্দে মাত্র দুটি দলই ভেসে যেতে পেরেছে - ১৯৫৭ সালে রিয়াল মাদ্রিদ ও ১৯৬৫ সালে ইন্টার মিলান। ১৯৮৪ সালে এএস রোমা ঘরের মাঠে ফাইনালে খেললেও টাইব্রেকারে লিভারপুলের কাছে হেরে গিয়েছিলো। তখন অবশ্য চ্যাম্পিয়নস লিগের নাম ছিলো ইউরোপিয়ান কাপ।
এবারের ফুটবল-মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি চেলসির। নতুন কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের অধীনে একের পর এক হারে হতোদ্যম হয়ে পড়েছিলো তারা।
গত মার্চে ভিলাস-বোয়াসকে সরিয়ে রবার্তো দি মাত্তেওকে দায়িত্ব দেয়ার পর ধীরে-ধীরে ঘুরে দাঁড়ায় চেলসি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পাশাপাশি এফএ কাপের শিরোপা জয়েই তা প্রতিফলিত।
ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে অবশ্য তেমন সুবিধা করে উঠতে পারেনি চেলসি। ষষ্ঠ হওয়ায় আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণও অনিশ্চিত। শনিবার জিতলে সমস্যা নেই, কিন্তু হেরে গেলে চেলসির বদলে সুযোগটা পাবে টটেনহাম হটস্পার।
শনিবারের সাফল্যের ওপরে রবার্তো দি মাত্তেওর ভাগ্যও নির্ভর করছে অনেকখানি। তবে নিজেকে নিয়ে একদমই ভাবছেন না চেলসির কোচ। তিনি বলেন, “যে কোনো ভাবেই হোক, ক্লাবের ইতিহাসে প্রথম বারের মতো (চ্যাম্পিয়নস লিগের) শিরোপা ঘরে আনার সুযোগ পেয়েছি আমরা। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
“চোট ও নিষেধাজ্ঞার কারণে আমরা এখন ভীষণ সমস্যায়। এটা নিয়েই এখন আমার সবচেয়ে বেশি মাথা ব্যথা,” যোগ করেন দি মাত্তেও।
ফাইনালের আগে চেলসি সত্যিই স্বস্তিতে নেই। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না তাদের অধিনায়ক জন টেরি, ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ এবং দুই মিডফিল্ডার রামিরেস ও রাউল মেইরেলেস। চোটের কারণে নেই ডিফেন্ডার গ্যারি ক্যাহিল এবং ডেভিড লুইজও।
বায়ার্নেরও একই সমস্যা, তবে তুলনামূলকভাবে কম। নিষেধাজ্ঞার কারণে জার্মান পরাশক্তিরা তিন মিডফিল্ডার হোলগার বাডস্টুবার, ডেভিড আলাবা ও লুইজ গুস্তাভোকে পাচ্ছে না।
চার বার ইউরোপ-সেরা হওয়ার মধুর অভিজ্ঞতার সঙ্গে ঘরের মাঠে খেলার যোগফলে শনিবার বায়ার্নই হয়তো কিছুটা এগিয়ে থাকবে। কিন্তু গত শনিবার জার্মান কাপের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হার তাদের আত্মবিশ্বাসে চিড় ধরাতেও পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১০ঘ.
bdnews24