ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবার আন্তর্জাতিক ফুটবলে দেখা যেতে পারে কোচ ডিয়েগো ম্যারাডোনাকে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের কাঁধে জাতীয় দলের দায়িত্ব তুলে দেয়ার চিন্তা-ভাবনা করছে সংযুক্ত আরব আমিরাত।
২০১৪ বিশ্বকাপের বাছাই পর্বে একটানা হারের কারণে গত বছর স্রেচকো কাতানেচকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় আমিরাত। তারপর থেকে মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় দল কোচবিহীন।
কাতানেচের উত্তরসূরী হিসেবে ম্যারাডোনার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বলে মনে করেন আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ইউসুফ আল সেরকাল। তিনি বলেন, “ম্যারাডোনা আরব আমিরাতের ফুটবল পরিবারের সদস্য হতেও পারেন। এমন একটা নামকে তো আমরা অবজ্ঞা করতে বা এড়িয়ে যেতে পারি না।”
“আমরা অবশ্যই তাকে (কোচ হিসেবে) বিবেচনা করবো,” যোগ করেন তিনি।
বর্তমানে দুবাইয়ের ক্লাব আল ওয়াসলের কোচের দায়িত্ব পালন করছেন ম্যারাডোনা। তার অধীনে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪৬ ঘ.
bdnews24