ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের সবচেয়ে ধনী ক্লাব ম্যানচেস্টার সিটি খেলোয়াড়দের দলে টানতে অঢেল অর্থ খরচ করেছে। ফলও পেয়েছে হাতে-হাতে। ১৯৬৮ সালের পর আবারো তারা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। তবে নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে শিরোপা হারালেও তাদের মতো বেহিসাবি অর্থ খরচ করার পক্ষপাতি নন ইপিএলের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসন।
ফার্গুসন বলেন, “আমরা তরুণ খেলোয়াড়দের ওপর বিনিয়োগ করি। এই কারণেই আমরা ধারাবাহিক। আমরা অন্য ক্লাবের মতো নই, যারা প্রমাণিত খেলোয়াড়দের ওপর বাজি ধরে। আমরা জানি সিটি বোকার মতো অর্থ খরচ করে এবং হাস্যকর বেতন দিয়ে তাদের ভাগ্য ফেরাতে চাচ্ছে।”
নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে ফার্গুসন আরো বলেন, “ওটা (ম্যান সিটির অর্থ ব্যয়) নিয়ে আমাদের কিছু করার নেই। আমরা কি করতে পারি সেটাই আমাদের মূল ভাবনার বিষয়। আমরা চাই সঠিক কারণে খেলোয়াড়দের আনতে।”
“আমরা সেই খেলোয়াড়ের ওপরই অর্থ বিনিয়োগ করি যারা দীর্ঘ সময়ের জন্য ক্লাবে থাকবে। যে ক্লাবের অংশ হয়ে উঠবে। যে আমাদের ভক্তদের জন্য আনন্দের উৎস হবে এবং এটা নিয়ে আমরা ভীষণ গর্বিত। আমরা এই পথেই চলতে চাই,” যোগ করেন ফার্গুসন।
২০০৮ সালে সংযুক্ত আরব আমিরতের ধনকুবের শেখ মনসুর ম্যানচেস্টার সিটি কিনে নেয়ার পর থেকে ক্লাবটির পেছনে প্রচুর অর্থ ব্যয় করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২১৩ ঘ.
bdnews24