২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফরাশগঞ্জের শিকার শেখ জামাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি লেগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের আরেকটি চমক! গতবারের রানার্স আপ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের পর চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকেও হারিয়ে দিয়েছে তারা। সোমবার ফরাশগঞ্জ জিতেছে ২-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি লেগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের আরেকটি চমক! গতবারের রানার্স আপ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের পর চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকেও হারিয়ে দিয়েছে তারা। সোমবার ফরাশগঞ্জ জিতেছে ২-০ গোলে। হেরে যাওয়ায় শেখ জামালের অবস্থান এখন অষ্টম। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। অন্যদিকে সবার নিচে থেকে প্রথম লেগ শেষ করা ফরাশগঞ্জের পয়েন্ট টেবিলে বিস্ময়কর উন্নতি। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরাশগঞ্জের জয়ের নায়ক সিও জুনাপিও। দুটো গোলই কঙ্গোর এই স্ট্রাইকারের। ১৯ মিনিটে এগিয়ে যায় ফরাশগঞ্জ। নাইজেরীয় স্ট্রাইকার হেনরি চিন্ডোর ক্রস আরাফাতের পা ঘুরে এসে পড়ে জুনাপিওর কাছে। তার আড়াআড়ি শট চলে যায় জালে। পাশে দাঁড়ানো শেখ জামালের দুই ডিফেন্ডার জুনাপিওকে আটকানোর কোনো চেষ্টাই করেননি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৬৭ মিনিটে জয় নিশ্চিত হয় ফরাশগঞ্জের। মিডফিল্ডার আরাফাতের পাস থেকে প্লে¬সিং শটে আবার গোল করেন জুনাপিও (২-০)। প্রথম লেগে ধুঁকতে থাকা ফরাশগঞ্জ ফিরতি লেগে দুর্ধর্ষ ফর্মে। ম্যাচ শেষে এর রহস্য সম্পর্কে জানতে চাইলে ফরাশগঞ্জের কোচ কামাল বাবু বলেন, “প্রথম লেগে দলের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা ছিলো। তাই খেলায় এর প্রভাব পড়তো। এখন আর সেই সমস্যা নেই। তাই দলের খেলোয়াড়দের মধ্যে চাঙ্গা ভাব ফিরে এসেছে।” অন্যদিকে শেখ জামালের কোচ আবু ইউসুফের ধারণা, দলের মধ্যে সমন্বয়ের ভীষণ অভাব। তিনি বলেন, “প্রথম লেগে দলের ভেতরে যে সমস্যা ছিল তা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। আর তারই প্রভাব পড়ছে খেলায়।” “খেলোয়াড়দের মধ্যে জয়ের কোনো তাড়না নেই। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ সুযোগটা নিয়েছে,” যোগ করেন ইউসুফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৯ ঘ.