২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগায় রিয়ালের পয়েন্টের শতক

শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। রোববার নিজেদের শেষ ম্যাচে মায়োর্কাকে ৪-১ গোলে হারিয়ে স্পেনের লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ডও গড়েছে রিয়াল মাদ্রিদ। ৩৮ খেলা থেকে তাদের পয়েন্ট ১০০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 12:13 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। রোববার নিজেদের শেষ ম্যাচে মায়োর্কাকে ৪-১ গোলে হারিয়ে স্পেনের লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ডও গড়েছে রিয়াল মাদ্রিদ। ৩৮ খেলা থেকে তাদের পয়েন্ট ১০০। রিয়ালের ৩২টি জয়ও একটি রেকর্ড। লা লিগায় এক মৌসুমে আর কোনো দল এত ম্যাচ জিততে পারেনি। হোসে মরিনহোর দলের বাকি ৬ ম্যাচের ৪টি ড্র, দুটি হার। সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহের আগের রেকর্ডটি ছিলো বার্সেলোনার। ২০০৯-১০ মৌসুমে ৯৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো পেপ গার্দিওলার বার্সা। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ১৯ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো, ২৩ মিনিটে করিম বেনজেমা এবং ৪৯ ও ৫৮ মিনিটে মেসুত ওজিলের জোড়া গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। দলের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় এক মৌসুমে প্রত্যেক প্রতিপক্ষের সঙ্গে গোল করার কৃতিত্ব দেখালেন তিনি। যদিও ৪৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে রোনালদোকে। রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ও গত তিন বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি ৫০ গোল করে এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা। রোববার লা লিগার শেষ দিনে স্পোর্টিং গিজনকে ১-০ গোলে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে অংশ নেয়ার সুযোগ পেয়েছে মালাগা। ৩৮ খেলায় ৫৮ পয়েন্ট নিয়ে মালাগার অবস্থান চতুর্থ। তবে অবনমনের শিকার হয়েছে গতবার চতুর্থ হওয়া ভিয়ারিয়াল। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার ১৯৯৮-৯৯ মৌসুমের পর দ্বিতীয় বিভাগে নেমে গেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮০৭ ঘ.