ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগা শিরোপা হাতছাড়া হয়ে গেছে আগেই। তারপরও রিয়াল বেটিসের বিপক্ষে শনিবারের ম্যাচটির অন্যরকম গুরুত্ব ছিলো বার্সেলোনার কাছে। কারণ বিদায়ী কোচ পেপ গার্দিওলার অধীনে লিগে এটাই ছিলো বার্সেলোনার শেষ ম্যাচ। সেইডু কেইতার শেষ মুহূর্তের গোলে ওই ম্যাচে হার এড়ায় দশজনের বার্সেলোনা। খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে।
সার্জিও বুসকেটসের ৯ মিনিটের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিলো বার্সেলোনাই। এক গোলের ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় অতিথি বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতেও প্রধান্য বিস্তার করে খেলছিলো বার্সেলোনাই। কিন্তু ৫৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার দানি আলভেজ। দশ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭১ ও ৭৫ মিনিটে রুবেন কাস্ত্রোর জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বেটিস।
ইনজুরি সময়ে দুর্দান্ত এক হেডে ম্যাচে সমতা ফেরান কেইতা।
২৫ মে স্প্যানিশ কাপের ফাইনালে অ্যাথলেতিক বিলবাও এর মুখোমুখি হবে বার্সেলোনা। গার্দিওলার অধীনে ওটাই হবে বার্সেলোনার সর্বশেষ ম্যাচ।
টানা তিনটি লিগ শিরোপা এবং দুইটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা সহ চার বছরে বার্সেলোনাকে ১৩টি শিরোপা এনে দিয়েছেন গার্দিওলা।
সফল এই কোচ বলেন, “আমার মনে হয় না লিগ (লা লিগা) আমার অভাব খুব বেশি বোধ করবে। আমি আসার আগে এটা যেমন চলতো আমি চলে যওয়ার পরও তেমনিই চলবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫৫ ঘ.
bdnews24