ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আর মাত্র এক সপ্তাহ বাকি। আর এখনই কি না শিরোপা হারানোর বেনদায় নীল হতে হলো বায়ার্ন মিউনিখকে। শনিবার জার্মান কাপের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৫-২ গোলে হেরে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টরা।
জার্মানির লিগ বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন ডর্টমুন্ড তাদের ১০৩ বছরের ফুটবল ইতিহাসে এই প্রথম ঘরোয়া দ্বি-শিরোপা জিতলো।
গতবছর বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন হয়ে হইচই ফেলে দিয়েছিলো ডর্টমুন্ড।
শনিবারের ম্যাচে হ্যাটট্রিক করেন ডর্টমুন্ডের স্ট্রাইকার পোল্যান্ডের রবার্তো লেওয়ানডোউইস্কি। ডর্টমুন্ডের কাছে এটা বায়ার্নের টানা পঞ্চম হার।
ম্যাচ শেষে বায়ার্ন কোচ জাপ হেইংকেস বলেন, “আমরা অভিযোগ করতে পারি না। পুরো ম্যাচে আমাদের রক্ষণাত্মক খেলাই ছিলো বিপর্যয়ের কারণ।”
“এরকম খেলে জেতা সম্ভব নয়। এখনো আমাদের সামনে একটি বড় লক্ষ্য আছে। আশা করছি চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে আমরা এই ধাক্কা সামলে উঠতে পারবো,” যোগ করেন তিনি।
নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ১৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭২০ ঘ.
bdnews24