২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জয় উদযাপনের অপেক্ষায় ম্যান সিটি

১৯৬৮ সালের পর আবারো ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ম্যানচেস্টার সিটি। একমাত্র বাধা কুইন্স পার্ক রেঞ্জার্স। রোববার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে কুইন্স পার্ককে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে রবার্তো মানচিনির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 03:02 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৯৬৮ সালের পর আবারো ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ম্যানচেস্টার সিটি। একমাত্র বাধা কুইন্স পার্ক রেঞ্জার্স। রোববার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে কুইন্স পার্ককে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে রবার্তো মানচিনির দল। অবশ্য বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাবনাও এখনো একদম শেষ হয়ে যায়নি। তবে অনেকগুলো যদির বাধা পেরোতে হবে তাদের। রোববার সান্ডারল্যান্ডের মাঠে অতিথি হয়ে খেলতে যাবে ম্যান ইউ। ৩৭ খেলায় দুই দলেরই পয়েন্ট ৮৬। কিন্তু প্রতিপক্ষের চাইতে ৮ গোলের ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে ম্যান সিটি। তাই হিসাব খুবই সোজা। কুইন্স পার্কের বিপক্ষে যদি ম্যান সিটি জেতে তবে ম্যান ইউকে শিরোপা ধরে রাখার জন্য জয়ের পাশাপাশি গোল ব্যবধানও কাটিয়ে উঠতে হবে। যা প্রায় অসম্ভব। শুক্রবার এই মৌসুমে লিগের শেষ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন বলেন, “তাদের (ম্যান সিটি) কয়েকজন খেলোয়াড় এই মৌসুমে দারুণ খেলেছেন। লিগ শিরোপা জিততে হলে মৌসুম জুড়ে পাঁচ থেকে ছয় জন খেলোয়াড়কে ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে হয়।” “তাদের কোচও বেশির ভাগ সময়ে খুব ভালো করেছেন,” প্রতিপক্ষ কোচের প্রশংসা করে বলেন ফার্গুসন। মাত্র এক পয়েন্টের জন্য অবনমনের হুমকিতে থাকা কুইন্স পার্কের বিপক্ষে ম্যান সিটিই শক্তিশালী। তবে প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না মানচিনি। তিনি বলেন, “আমার মনে হয় কিউপিআর (কুইন্স পার্ক রেঞ্জার্স) ভালো দল। তারা তালিকায় নীচের দিকে থাকার মত নয়।” “প্রিমিয়ার লিগে থাকার জন্য তারা সবকিছু করতে পারে। আমার মনে হয় খেলাটা সহজ হবে না। কারণ একদল শিরোপার জন্য খেলবে, অন্যদল অবনমনের হাত থেকে বাঁচতে,” যোগ করেন মানচিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৪৫ ঘ.