২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালের পর নীল কোর্টকে জোকোভিচের ‘না’

প্রশ্নের মুখে মাদ্রিদ ওপেন দিয়ে যাত্রা শুরু করা নীল ক্লে-কোর্ট। শুরু থেকেই নীল রঙের কোর্টের কড়া সমালোচনা করে আসছিলেন ‘ক্লে কোর্টের রাজা’ রাফায়েল নাদাল। বৃহস্পতিবার স্বদেশি ফার্নান্দো ভারদেস্কোর কাছে হেরে যাওয়ার পর ভবিষ্যতে নীল কোর্টে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন তিন। একদিন পর একই ঘোষণা দিলেন নোভাক জোকোভিচও। শুক্রবার শেষ আটের লড়াইয়ে স্বদেশি জাঙ্কো টিপসারেভিচের কাছে ৭-৬ (২), ৬-৩ গোমে হেরে যাওয়ার পর ওই ঘোষণা দেন জোকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশ্নের মুখে মাদ্রিদ ওপেন দিয়ে যাত্রা শুরু করা নীল ক্লে-কোর্ট। শুরু থেকেই নীল রঙের কোর্টের কড়া সমালোচনা করে আসছিলেন ‘ক্লে কোর্টের রাজা’ রাফায়েল নাদাল। বৃহস্পতিবার স্বদেশি ফার্নান্দো ভারদেস্কোর কাছে হেরে যাওয়ার পর ভবিষ্যতে নীল কোর্টে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন তিন। একদিন পর একই ঘোষণা দিলেন নোভাক জোকোভিচও। শুক্রবার শেষ আটের লড়াইয়ে স্বদেশি জাঙ্কো টিপসারেভিচের কাছে ৭-৬ (২), ৬-৩ গোমে হেরে যাওয়ার পর ওই ঘোষণা দেন জোকোভিচ। নাদাল বিদায় নিয়েছিলেন তৃতীয় রাউন্ড থেকে। বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ গত বছর নাদালকে হারিয়েই শিরোপা জিতেছিলেন। পুরুষদের র‌্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় জোকোভিচ বলেন, “যত দ্রুত সম্ভব আমি এই সপ্তাহটা ভুলে যেতে চাই এবং সত্যিকারের লাল ক্লে-কোর্টে যেতে চাই।” “এই কোর্টের সঙ্গে মানিয়ে নিতে আমি অন্তত এক সপ্তাহ চেষ্টা করেছি। আমার মনে হয় না আলোচনার আর কিছু বাকি আছে। সোজা কথা নীল ক্লে-কোর্ট আমার জন্য নয়,” যোগ করেন সার্বিয়ার এই টেনিস তারকা। গত দুবার সহ মোট ছয়বার ক্লে-কোর্টের গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেন জিতে এরই মধ্যে নিজেকে ক্লে-কোর্টের ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন স্পেনের নাদাল। মাদ্রিদ ওপেনের শুরু থেকেই নীল রঙের কোর্টকে অপেক্ষাকৃত নরম ও পিচ্ছিল বলে এর সমালোচনা করে আসছিলেন বর্তমানে র‌্যাংকিংয়ের দুই নম্বরে থাকা নাদাল। বৃহস্পতিবার হেরে যাওয়ার পর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি বলেছিলেন, “এটিপি এবং প্রতিযোগিতাটির আয়োজকরা যা ইচ্ছা করতে পারেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তারপরও এই কোর্টে নিজের সেরা খেলাটা বের করে আনতে পারিনি।” “যদি এভাবেই চলতে থাকে তবে আগামী বছর আমার ক্যালেন্ডারে একটি ইভেন্ট কম থাকবে,” যোগ করেন তিনি। নাদাল ও জোকোভিচের সঙ্গে একমত প্রকাশ করেছেন মেয়েদের র‌্যাংকিংয়ের সবার ওপরে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কাও। আজারেঙ্কা বলেন, “মাঝেমাঝে এই কোর্টে নিজেকে নড়বড়ে মনে হয়। আসলে মাঝেমাঝে নয় বেশির ভাগ সময়েই। কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। প্রতিযোগিতাটি শেষে হওয়ার পর সব খেলোয়াড়রা একত্রিত হয়ে এটা নিয়ে আলোচনা করতে পারবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৫১ ঘ.