২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলের চার গোলে আবাহনীর বিশাল জয়

নাইজেরীয় স্ট্রাইকার লাকি পলের চার গোল গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিশাল জয় এনে দিয়েছে আবাহনী লিমিটেডকে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগের দ্বিতীয় দিনে তারা ৪-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরীয় স্ট্রাইকার লাকি পলের চার গোল গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিশাল জয় এনে দিয়েছে আবাহনী লিমিটেডকে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগের দ্বিতীয় দিনে তারা ৪-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। চার গোলের সুবাদে গোলদাতার তালিকার শীর্ষে পলের অবস্থান আরো সুসংহত। এবারের লিগে এখনই তার ১৩টি গোল। ছয় গোল নিয়ে পলের চেয়ে অনেকখানি পেছনে থেকে দ্বিতীয় স্থানে আছেন মুক্তিযোদ্ধার নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা। লিগে পলের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম লেগে ফেনী সকার ক্লাবের বিপক্ষেও চার গোল করেছিলেন তিনি। ঐ ম্যাচে আবাহনী জিতেছিলো ৫-০ গোলে। সব মিলিয়ে এটি লিগের পঞ্চম হ্যাটট্রিক। পল ছাড়া হ্যাটট্রিক করার কৃতিত্ব মুক্তিযোদ্ধার নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা, আরামবাগের নাইজেরীয় স্ট্রাইকার এলেটা কিংসলে ও রহমতগঞ্জের উগান্ডার ফরোয়ার্ড ইদ্রিস কাসিরির। শুক্রবার শুরু থেকেই দুর্বার ছিল আবাহনী। তাই গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। দ্বাদশ মিনিটেই জাহিদের আড়াআড়ি পাস থেকে বল পেয়ে, তিন ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে প্লে¬সিং শটে লক্ষ্যভেদ করেন পল। ৯ মিনিট পর আবার পলের গোল। বাঁ প্রান্ত থেকে বাড়ানো ইব্রাহিমের পাস ধরে, বক্সে ঢুকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে হ্যাটট্রিকও হয়ে যায় পলের। মিডফিল্ডার জাহিদের থ্রু ধরে, বক্সে ঢুকে দুর্দান্ত প্লে¬সিং শটে গোল করেন তিনি। ৫৭ মিনিটে জাহিদের শট রহমতগঞ্জের গোলরক্ষক শাকিল ফিরিয়ে দিলেও পলের আলতো হেড কেউ ঠেকাতে পারেনি। আবাহনী অবশ্য আরো বড় ব্যবধানে জিততে পারতো। কিন্তু অনেকগুলো সুযোগ নষ্ট করায় চার গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পেশাদার লিগের প্রথম তিন বারের চ্যাম্পিয়নদের। কিন্তু এই জয় সন্তুষ্ট করতে পারেনি আবাহনীর ইরানী কোচ আলী আকবর পুরমুসলিমিকে। ম্যাচ শেষে তিনি বলেন, “স্ট্রাইকাররা অনেকগুলো সুযোগ নষ্ট না করলে আমরা আরো বড় ব্যবধানে জিততে পারতাম।” শুক্রবারের সাফল্যে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আবাহনীর শীর্ষস্থান আরো মজবুত। আর রহমগঞ্জ নেমে গেছে সবচেয়ে নিচে। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্র ১-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। ৭৮ মিনিটে একমাত্র গোলটি করেন ফয়সাল মাহমুদ। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে চতুর্থ স্থানে। সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করা সকার ক্লাবের অবস্থান নবম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৫ ঘ.