ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই অঘটনের জন্ম দিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে।
ফরাশগঞ্জের জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার হেনরি চিন্দো। ৮৩ মিনিটে মাঝমাঠে বল ধরে, মুক্তিযোদ্ধার দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে দুর্দান্ত প্লেসিং শটে গোলটি করেন তিনি।
এর আগে অবশ্য মুক্তিযোদ্ধা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে। আর তার মাশুল দিয়ে হার মানতে হয়েছে তাদের।
মুক্তিযোদ্ধার দুর্ভাগ্য, ২২ মিনিটে একটুর জন্য গোলের দেখা পায়নি। মিডফিল্ডার মামুনুল ইসলামের শট ক্রসবারে লেগে ফিরে এসে হতাশায় পোড়ায় তাদের।
দিনের অন্য ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বিজেএমসি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টাঙ্গাইল স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুদল।
১৩ মিনিটে গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরার গোলে এগিয়ে যায় বিজেএমসি। ৪৫ মিনিটে শেখ জামালকে সমতায় ফেরান ক্যামেরুনের স্ট্রাইকার কেস্টার আখন।
মুক্তিযোদ্ধাকে হারিয়ে পয়েন্ট টেবিলের নিচ থেকে এক লাফে অষ্টম স্থানে উঠে এসেছে ফরাশগঞ্জ। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট।
হেরে গেলেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে মুক্তিযোদ্ধা। ১১ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী।
১৭ পয়েন্ট নিয়ে বিজেএমসি তৃতীয় এবং ১২ পয়েন্ট নিয়ে শেখ জামাল ষষ্ঠ স্থানে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৬ ঘ.
bdnews24