ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিটিআই গলফ টুর্নামেন্ট সিদ্দিকুর রহমানই চ্যাম্পিয়ন হলেন শেষ পর্যন্ত। কুর্মিটোলা গলফ ক্লাবে প্রতিযোগিতার চার দিনই প্রাধান্য বজায় রেখে বাংলাদেশের সেরা গলফারের মুখেই শেষ হাসি। বৃহস্পতিবার শেষ দিনে পারের চেয়ে ১৩ স্ট্রোক কম খেলা সিদ্দিকের অবস্থানই সবার ওপরে।
যৌথভাবে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের জাকিরুজ্জামান ও জীবন আলী এবং শ্রীলঙ্কার মিথুন পেরেরা। তিন জনই পারের চেয়ে ২ স্ট্রোক কম খেলেছেন।
পারের চেয়ে এক স্ট্রোক কম খেলা লিটন হাওলাদারের অবস্থান তৃতীয়।
অনেক দিন পর কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে সিদ্দিক দারুণ খুশি। তিনি বলেন, “দেশের মাটিতে শিরোপা জিততে পেরে খুব ভালো লাগছে। এই সাফল্য পরবর্তী টুর্নামেন্টে অনুপ্রেরণা যোগাবে।”
“বিশেষ করে পারফরম্যান্সের উন্নতি হয়েছে বলে বেশি ভালো লাগছে। কারণ বেশ কয়েকটি টুর্নামেন্টে আমি চূড়ান্ত সাফল্যের কাছাকাছি গিয়েও সফল হতে পারিনি,” যোগ করেন দেশের প্রথম পেশাদার গলফার।
সিদ্দিকের এখন লক্ষ্য ইউএস ওপেনের বাছাইপর্বে সাফল্য পাওয়া। ২২ অথবা ২৩ মে এই প্রতিযোগিতায় অংশ নিতে ইংল্যান্ড যাচ্ছেন তিনি। খেলা হবে ২৮ ও ২৯ মে। যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা হলেও ইউএস ওপেনের বাছাইপর্ব ইংল্যান্ডে হবে।
এশিয়ার সেরা দশ গলফারের তালিকায় থাকায় সিদ্দিক এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। বাছাইপর্বে সরাসরি তৃতীয় রাউন্ডে খেলবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৩১ ঘ.
bdnews24