২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপা লিগে অ্যাতলেতিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন

দুই বছর পর আবার ইউরোপা লিগের শিরোপা অ্যাতলেতিকো মাদ্রিদের ঘরে। বুধবার ফাইনালে স্পেনের দুই দলের লড়াইয়ে অ্যাথলেতিক বিলবাওকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে তারা। দুই গোল করে অ্যাতলেতিকোর জয়ের নায়ক রাদামেল ফ্যালকাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই বছর পর আবার ইউরোপা লিগের শিরোপা অ্যাতলেতিকো মাদ্রিদের ঘরে। বুধবার ফাইনালে স্পেনের দুই দলের লড়াইয়ে অ্যাথলেতিক বিলবাওকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে তারা। দুই গোল করে অ্যাতলেতিকোর জয়ের নায়ক রাদামেল ফ্যালকাও। ২০১০ সালে প্রথম বারের মতো ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো অ্যাতলেতিকো। বুখারেস্টে ফ্যালকাও ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে দেন দলকে। ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটিও ‘দ্য টাইগার’ নামে পরিচিত কলম্বিয়ান স্ট্রাইকারের। ৮৫ মিনিটে ব্রাজিলের ডিয়েগোর লক্ষ্যভেদ আবার ইউরোপা লিগ জয় নিশ্চিত করে দেয় অ্যাতলেতিকোর। শুধু ফাইনালের নায়কই নন, ১২টি গোল নিয়ে টানা দ্বিতীয় বারের মতো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও ফ্যালকাও। গত বারের ফাইনালেও তার একমাত্র গোল জয় এনে দিয়েছিলো পোর্তোকে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ফ্যালকাও বলেন, “এই মুহূর্তটির কথা আমি আজীবন মনে রাখবো। খুব কম খেলোয়াড়েরই এমন মধুর অভিজ্ঞতা হয়। পুরো দল, সতীর্থ ও কোচিং দলের প্রত্যেক সদস্যের কাছে আমি কৃতজ্ঞ।” অ্যাতলেতিকোর প্রধান কোচ ডিয়েগো সিমিওনেও এখন অনন্য অর্জনে ভাস্বর। মাত্র তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড়-কোচ দুই ভূমিকাতেই এই প্রতিযোগিতার শিরোপা জিতলেন সিমিওনে। আগের দুজন ইতালির সাবেক গোলরক্ষক দিনো জফ ও সাবেক ডাচ ডিফেন্ডার হাব স্টিভেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৫৭ ঘ.