২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ খেলা পুনরুজ্জীবিত করার উদ্যোগ

হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। দেশের সব ইউনিয়ন, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে গ্রামীণ খেলাগুলোর আয়োজন করা হবে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এই ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। দেশের সব ইউনিয়ন, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে গ্রামীণ খেলাগুলোর আয়োজন করা হবে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এই ঘোষণা দিয়েছেন। তিন বছর মেয়াদী এই প্রতিযোগিতা ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে তিনটি পর্যায়ে আয়োজন করা হবে। ২০টি খেলা নিয়ে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। খেলাগুলো হলো বউচি, কাবাডি, ছি-বুড়ি, দাড়িয়াবান্ধা, গোল¬¬াছুট, দড়িলাফ, মোরগ লড়াই, বিস্কুট দৌড়, তৈলাক্ত বাঁশে ওঠা, লাঠি খেলা, মার্বেল খেলা, লাটিম খেলা, ঘুড়ি ওড়ানো, বালিশ যুদ্ধ, কানামাছি, ডাংগুলি, রশিটানা, এক্কা দোক্কা, সাতচাড়া ও নৌকা বাইচ। অবশ্য প্রতিযোগিতা কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। গাজীপুর অথবা নরসিংদীর কোনো গ্রামে প্রধামন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রথম মেয়াদের প্রতিযোগিতার জন্য ১৮টি জেলাকে বাছাই করা হয়েছে। গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, ফেনী, খুলনা, যশোর, রংপুর, গাইবান্ধা, বরিশাল, পটুয়াখালী ও সিলেটে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। পুরো আয়োজনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে ৬৬৬ কোটি ৩৫ লাখ টাকা। প্রতি ইউনিয়ন ১০ হাজার, উপজেলা ৩৫ হাজার, জেলা ৫৫ হাজার এবং বিভাগের জন্য ৮৫ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, “এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিলুপ্ত প্রায় খেলাগুলোর প্রসার ঘটবে। প্রত্যন্ত অঞ্চলে খেলাধূলার জোয়ার তৈরি হবে।” “এতে করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে। যুব সমাজের চারিত্রিক অবক্ষয়ও রোধ হবে,” যোগ করেন একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতির দায়িত্বও পালন করা আহাদ আলী সরকার। সংবাদ সম্মেলেনে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৪৯ ঘ.