ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর জুভেন্টাসের ঘরে শিরোপার উৎসব। এক সময়ের পরাক্রমশালী দলটি ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে ২০০৬ সালে ইতালির সেরি বি বা দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিলো। পরের বছর সেরি আ’য় ফিরে আসা জুভেন্টাসই এবার ইতালিতে চ্যাম্পিয়ন।
রোববার ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে জুভেন্টাস তাকিয়েছিলো মিলান ‘ডার্বি’র দিকে। তাদের বিমুখ করেনি ইন্টার মিলান।
ডিয়েগো মিলিতোর হ্যাটট্রিকের সুবাদে ইন্টারের কাছে এসি মিলানের ৪-২ গোলের হারই জুভেন্টাসের শিরোপা নিশ্চিত করে দিয়েছে।
এবারের সেরি আ’য় এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত জুভেন্টাসের ৩৭ ম্যাচ থেকে সংগ্রহ ৮১ পয়েন্ট। সমান ম্যাচে এসি মিলানের পয়েন্ট ৭৭। দু দলেরই আর একটি করে ম্যাচ বাকি।
ক্যালিয়ারির মাঠে স্ট্রাইকার মিরকো ভুসিনিচ ও আত্মঘাতী গোলে জিতেই অবশ্য উৎসব শুরু করতে পারেনি জুভেন্টাস। ইন্টার মিলান এসি মিলানকে হারানোর সঙ্গে-সঙ্গে উল্লাসে মেতে ওঠে জুভেন্টাস ভক্তরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৩৫ ঘ.
bdnews24