ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার ইয়াইয়া তোরের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে ৪৪ বছর পর ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রবার্তো মানচিনির দল।
অন্য ম্যাচে সোয়ানসি সিটিকে একই ব্যবধানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যালেক্স ফার্গুসনের দলের দুই গোলদাতা পল স্কলস ও অ্যাশলি ইয়াং।
৩৭ খেলায় দু দলেরই পয়েন্ট ৮৬। কিন্তু গোল ব্যবধানে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউর (+৫৫) চেয়ে অনেকখানি এগিয়ে আছে ম্যান সিটি (+৬৩)। দু দলেরই আর একটি করে খেলা বাকি ।
আগামী রোববার নিজেদের মাঠে অবনমনের হুমকিতে থাকা কুইন্স পার্ক রেঞ্জার্সের মুখোমুখি হবে ম্যান সিটি। ঐ ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের। আর সান্ডারল্যান্ডের মাঠে অতিথি হয়ে খেলতে যাবে ম্যান ইউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৩৮ ঘ.
bdnews24