ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরের মাঠ ন্যু ক্যাম্পে পেপ গার্দিওলার অধীনে শেষ ম্যাচে বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার স্পেনের লা লিগায় লিওনেল মেসির চার গোলের সুবাদে এসপানিওলকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। জিতেছে রিয়াল মাদ্রিদও। গ্রেনাদার সঙ্গে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলা রিয়াল। দুই গোলের একটি রোনালদোর।
চার বছরে বার্সাকে ১৩টি শিরোপা এনে দেয়া গার্দিওলা জানিয়ে দিয়েছেন, এই মৌসুম শেষে চুক্তি নবায়ন করবেন না। এসপানিওলের পর এ মৌসুমে আর দুটো ম্যাচ আছে বার্সার। তার মধ্যে একটি প্রতিপক্ষের মাঠে লিগের শেষ ম্যাচ, অন্যটি মাদ্রিদে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কিংস কাপ বা কোপা দেল রে’র ফাইনাল।
বার্সা-ভক্তরা তাই প্রিয় মাঠে প্রিয় কোচকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানানোর সুযোগ হাতছাড়া করেনি। তাদের অনেকের হাতেই শোভা পাচ্ছিলো ‘আমরা তোমাকে ভালোবাসি পেপ’ লেখা ব্যানার।
তবে মেসি বোধহয় সিদ্ধান্ত নিয়েছিলেন গোল করেই গার্দিওলাকে বিদায়ী উপহার দেয়ার।
দ্বাদশ মিনিটে আর্জেন্টাইন তারকার দুর্দান্ত ফ্রি কিকে স্বাগতিকরা এগিয়ে যায়। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে মেসিই ব্যবধান দ্বিগুণ করেন।
১২ মিনিট পর টানা তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলেন। ৭৯ মিনিটে চতুর্থ ও শেষ গোলটিও পেনাল্টি থেকে। ৫০ গোল নিয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া প্রায় নিশ্চিত মেসির। সব মিলিয়ে এ মৌসুমে তার রেকর্ড ৭২ গোল।
শেষ গোলটি করেই মাঠের বাইরে ছুটে গিয়ে গার্দিওলাকে জড়িয়ে ধরেন মেসি। বার্সার বাকি খেলোয়াড়রা তখন কাঁধে-কাঁধ মিলিয়ে শ্রদ্ধাবনত।
ম্যাচ শেষে মাইক্রোফোনের সামনেও দাঁড়াতে হয়েছে গার্দিওলাকে। বার্সা-সমর্থকদের উদ্দেশে আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, “গত চার বছরের ভালোবাসা আমাকে কতটা আনন্দ দিয়েছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, বিশেষ করে যারা আমার কাছাকাছি ছিলো।”
মেসিকেও প্রশংসায় ভরিয়ে তুলেছেন তিনি। ন্যু ক্যাম্পে গার্দিওলার বিদায়ী ম্যাচেও পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত মেসি। তবে তা নিয়ে একদমই ঈর্ষাকাতর নন বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা কোচ।
এ প্রসঙ্গে গার্দিওলা বলেন, “এ মৌসুমের পুরোটাই পাদপ্রদীপের আলো নিজের দিকে রেখেছে মেসি। তাই এ নিয়ে আমার ঈর্ষা করার কিছু নেই। আমি শুধু তাকে (মেসিকে) যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেছি। এবং নিঃসন্দেহে একজন সফল কোচ হয়ে উঠতে সে আমাকে দারুণ সাহায্য করেছে।”
গ্রেনাদার মাঠ থেকে কোনো রকমে জিতে ফিরলেও রিয়ালের সামনে এখন অনন্যসাধারণ অর্জনের হাতছানি। বার্সার চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থাকা লা লিগা চ্যাম্পিয়নদের সংগ্রহ ৯৭ পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেই রেকর্ড ১০০ পয়েন্ট হয়ে যাবে হোসে মরিনহোর দলের।
শনিবার পঞ্চম মিনিটে পিছিয়ে পড়া রিয়ালকে পেনাল্টি থেকে সমতায় ফেরান রোনালদো, ৮১ মিনিটে। লিগে পর্তুগিজ-তারকার এটি ৪৫তম গোল। শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায়।
জিতেছে ভ্যালেন্সিয়াও। হোনাসের একমাত্র গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করা ভ্যালেন্সিয়ার (৬১ পয়েন্ট) টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়নস লিগে সরাসরি অংশগ্রহণও নিশ্চিত হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১৯ ঘ.
bdnews24