ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার নিজেদের মাঠে নরউইচ সিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে টটেনহাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে চার পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেছে তালিকায় তিন নম্বরে থাকা আর্সেনাল।
৩৭ খেলায় আর্সেনালের পয়েন্ট ৬৭। লিগে তাদের আর একটি মাত্র খেলা বাকি আছে। এক ম্যাচ কম খেলা টটেনহাম ও নিউক্যাসলের পয়েন্ট ৬৫।
রোববার নিজ নিজ খেলায় যদি ওই দুইটি দল জিতে যায় তবে পাঁচ নম্বরে নেমে যাবে আর্সেনাল। সেই সঙ্গে তাদের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়ে যাবে।
এমিরেটস স্টেডিয়ামে ২ মিনিটে আর্সেনালকে এগিয়ে নেন মিডফিল্ডার ইওসি বেনাইউন। ১২ মিনিটে খেলায় সমতা ফেরান নরউইচ মিডফিল্ডার ওয়েস্লি হোলাহান। ২৭ মিনিটে স্ট্রাইকার গ্রান্ট হল্টের গোল ২-১ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।
ইপিএলের এই মৌসুমের শীর্ষ গোলদাতা রবিন ফন পার্সির জোড়া গোলে (৭২ ও ৮০ মিনিটে) ৩-২ ব্যবধানে এগিয়ে তালিকায় নিজেদের তৃতীয় স্থান আরো সুসংহত করার স্বপ্ন দেখছিলো আর্সেনাল। ওই দুই গোলে ফন পার্সির গোল সংখ্যা ৩০।
স্বাগতিকদের চমকে দিয়ে খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে নরউইচের বদলি খেলোয়াড় স্টেভ মরিসন গোল করে বসেন। বাকি সময়ে আর কোনো গোল করতে না পারায় গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট হারায় আর্সেনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৩ ঘ.
bdnews24