ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ব্রাজিলের ধীরগতির প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বিশ্বাস হারাননি ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। প্রস্তুতিকাজে যে বিলম্ব হয়েছে তা যত দ্রুত সম্ভব পুষিয়ে নেয়াও আহ্বান জানিয়েছেন তিনি।
আগামী সপ্তাহে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ব্রাজিলে যাবেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট।
ব্ল্যাটার বলেন, “কিছু কিছু কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়নি। এখন আমাদের উচিৎ হবে যে কাজগুলো হয়নি সেগুলো ফেলে না রেখে যত দ্রুত সম্ভব শেষ করে ফেলা।”
“কিছু অবকাঠামো নির্মাণের কাজ নিয়ে আমরা সামান্য উদ্বেগে আছি। কিন্তু এটা ঠিক যদি তাদের চাপ প্রয়োগ করা যায় এবং এর পেছনে প্রচুর শক্তি ব্যয় করা হয় তবে ঠিক সময়েই নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে,” যোগ করেন ব্ল্যাটার।
যথাসময়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও উদ্বেগ ছিলো জানিয়ে ব্ল্যাটার আরো বলেন, “শেষ পর্যন্ত ২০১০ সালের বিশ্বকাপ আয়োজন তারা (দক্ষিণ আফ্রিকা) সফলভাবেই করতে সক্ষম হয়েছে।”
“আমরা খুবই আত্মবিশ্বাসী। কারণ ব্রাজিল শুধুমাত্র একটি ফুটবল খেলুড়ে জাতি নয়, তাদের অর্থনীতিও শক্তিশালী। আমি নিশ্চিত তারা এটা (সঠিকভাবে) করতে পারবেই,” বলে ফিফা প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০২৮ ঘ.
bdnews24