ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লে কোর্টের টুর্নামেন্ট মাদ্রিদ ওপেনের কোর্টের রঙ এবার লাল নয় বরং নীল! আর এতে বেজায় ক্ষেপেছেন ‘লাল-দুর্গ’র রাজা রাফায়েল নাদাল।
২০০৯ সালে হার্ড কোর্ট থেকে মাদ্রিদ ওপেন ক্লে কোর্টে সরিয়ে আনার পর থেকেই প্রতিযোগিতাটি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসছেন নাদাল। বৃহস্পতিবার প্রথম অনুশীলনে নেমে এবার সমালোচনা করলেন নীল কোর্টেরও।
এবারের কোর্ট আগের তুলনায় নরম এবং পিচ্ছিল বলে মনে হয়েছে নাদালের। তাছাড়া বিজ্ঞাপন বোর্ডগুলো খুব নীচু, ওগুলো রাখার স্থান এবং বোর্ডের রঙ নিয়েও সমালোচনা করেছেন সাবেক এই র্যাংকিং সেরা খেলোয়াড়। বিজ্ঞাপন বোর্ডের রঙ ও কোর্টের রঙ অনেকটাই একরকম মনে হচ্ছে তার কাছে।
ক্লে মৌসুমের মাঝখানে এটিপি এই পরিবর্তন মেনে নেয়ায় ছয়বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন প্রচন্ড হতাশ হয়েছেন।
শুক্রবার নাদাল বলেন, “এই প্রতিযোগিতাটির আয়োজন নিয়ে আমার মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। আমি সরাসরি প্রতিযোগিতাটির আয়োজকদের দোষ দিচ্ছি না। দায়টা আসলে এটিপি’র। প্রতিযোগিতাটির এই মাত্রায় পরিবর্তন তাদের মেনে নেয়া একদমই উচিৎ হয়নি।”
যদিও নাদালের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এটিপি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “প্রয়োজনীয় সমস্ত পরীক্ষার পরই এক বছরের জন্য প্রতিযোগিতাটির আয়োজকদের এই অনুমতি দেয়া হয়েছে।”
ক্লে কোর্টের ফাইনালে নাদালের জয়-পরাজয় ব্যবধান ৩৩-২। কিন্তু মাদ্রিদ ওপেনের ফাইনালে তিনবার খেলে দুবারই হেরেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯২৬ ঘ.
bdnews24